নিউইর্য়ক থেকে সোহেল হোসাইনঃ যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের (Measles) প্রাদুর্ভাব। অতি সংক্রামক ব্যাধিটি দেশটির প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ায় এক নজিরবিহীন স্বাস্থ্য সংকটের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছে।
সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে পেনসিলভেনিয়ায়, যেখানে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ানোর পাশাপাশি মৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট পরিসংখ্যান ও হিসাব পদ্ধতি নিয়ে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য বিভাগের প্রধানদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।
সংক্রমণের ব্যাপ্তি বিবেচনা করে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ইতোমধ্যে টেক্সাস, ভার্জিনিয়া এবং নিউ মেক্সিকোর মতো প্রভাবিত অঞ্চলগুলোতে বিশেষ বিশেষজ্ঞ ও তদন্তকারী দল পাঠিয়েছে। একই সঙ্গে সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রয়োজনে অন্যান্য অঙ্গরাজ্যেও জরুরি সাহায্য পৌঁছানোর প্রস্তুতি রাখা হয়েছে।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে এর ভাইরাস প্রায় দুই ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকতে পারে। এটি কেবল জ্বর বা গায়ের লাল ফুসকুড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং জটিল আকার ধারণ করলে নিউমোনিয়া এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এই মহামারি থেকে সুরক্ষার একমাত্র কার্যকরী উপায় হলো সঠিক সময়ে এমএমআর (MMR) ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ করা। টিকা গ্রহণের হার নিশ্চিত না করা গেলে এই ভাইরাসের লাগাম টানা কঠিন হবে বলে সতর্ক করেছেন তারা।
যুক্তরাষ্ট্রে রেকর্ড তৈরি করছে হামের সংক্রমণ