টাইমস ২৪ ডটনেট: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শিক্ষার্থীর সংখ্যাই ৩৪। নিহত অপরজন স্কুলটির এক শিক্ষিকা। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে বেসরকারি ওই স্কুলটিতে মর্মান্তিত এ ঘটনা ঘটে। এতে আরও ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, তাদের হাসপাতালে ৩৩টি মরদেহ আনা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিসটেন্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেন। ওই হাসপাতালটিতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়া অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডাক্তার মিঞা সাঈদ বলেছেন, তিন তলা ওই স্কুলটি জনবহুল দীর কলোনিতে অবস্থিত। সেখানকার রাস্তাঘাঁটগুলো সরু হওয়ায় উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। যখন ছাদটি ধসে পড়ে তখন ওই শ্রেণিকক্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল।
পুলিশ কর্মকর্তা মিঞা সাঈদ বলেছেন, ভবনটিতে অনেক ত্রুটি ছিল। আর এটির ছাদ তৈরি করা হয়েছিল মাটির তৈরি টাইলস দিয়ে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পুরো ভবনটি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় সবার আগে সবাইকে এটির ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। তিনি আরও বলেছেন, স্কুল ভবনের ছাদ তৈরিতে যেসব মাটির টাইলস ব্যবহার করা হয়েছে, সেগুলোর ওজন বেশি ছিল। ফলে ভবনটি ভার সহ্য করতে না পেরে ধসে পড়ে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন