নির্বাসন কাটিয়ে ১২ ডিসেম্বর স্পেনে ফিরছেন কাতালান নেতা পুজেদেমন

নির্বাসন কাটিয়ে ১২ ডিসেম্বর স্পেনে ফিরছেন কাতালান নেতা পুজেদেমন


টাইমস ২৪ ডটনেট: স্পেনের সুপ্রিম কোর্ট একটি বিতর্কিত ক্ষমা আইন প্রয়োগ করে নির্বাসন থেকে ফেরার পথ প্রশস্ত করার পর কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজেদেমন দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বুধবার কাতালান এই বিচ্ছিন্নতাবাদী নেতা ঘোষণা দিয়ে বলেছেন, আগামী ১২ ডিসেম্বর বার্সেলোনায় ফিরবেন তিনি।
২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার ব্যর্থ প্রচেষ্টার পর পুজেদেমন বেলজিয়ামে পালিয়ে যান। এরপর থেকে সেখানেই বসবাস করছেন কাতালান এই বিচ্ছিন্নতাবাদী নেতা। এমন এক সময়ে তিনি দেশে ফেরার ঘোষণা দিলেন, যখন দেশটিতে নির্বাচনী আমেজ চলছে। আগামী রোববার (২৯ নভেম্বর) স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ার কথা রয়েছে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে পুজেদেমন বলেন, ‌‌‘‘আমি কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্ট হিসেবে চলে এসেছিলাম এবং আমি এমন এক জায়গায় ফিরে যাব; যেখানে কাতালান গণতন্ত্র তার প্রেসিডেন্টদের নির্বাচিত কিংবা বরখাস্ত করে: কাতালোনিয়ার পার্লামেন্ট।’’

‘‘আমি ১২ ডিসেম্বর শনিবার দুপুর নাগাদ তা করব এবং সে রাতেই আমি আমার পরিবারের সঙ্গে বাড়িতে ঘুমাতে পারব।’’
চলতি সপ্তাহে স্পেনের সুপ্রিম কোর্ট ২০১৭ সালের কাতালোনিয়ার স্বাধীনতা প্রচেষ্টায় জড়িত থাকার ঘটনায় ৬২ বছর বয়সী এই রাজনীতিবিদের বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বন্ধ করে একটি ক্ষমা আইন প্রয়োগ করেছে। কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে গুরুতর রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিল কাতালোনিয়ার স্বাধীনতা লাভের সেই প্রচেষ্টা।

পুজেদেমন বলেন, কাতালান স্বাধীনতার জন্য আমাদের কৌশল হালনাগাদ করতে হবে। আগামী ১৭ ডিসেম্বর এক জনসভায় কাতালানদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি নতুন পথ তুলে ধরার অঙ্গীকারও করেছেন তিনি।
ব্রাসেলস থেকে সরাসরি ফ্লাইটে তিনি বার্সেলোনায় যাবেন বলে জানিয়েছেন। ২০২৩ সালের অমীমাংসিত সাধারণ নির্বাচনের পর ক্ষমতায় থাকতে পুজেদেমনের দল জুন্টস পার কাতালুনিয়াসহ কাতালান বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সমর্থন নিশ্চিতে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দেওয়া মূল ছাড় ছিল এই ক্ষমা আইন; যা ২০২৪ সালে দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনে পাস হয়।

গত সপ্তাহে স্পেনের দৈনিক এল মুন্দো পত্রিকাকে এক সাক্ষাৎকার পুজেদেমন। নির্বাচনের আগে তার এই সাক্ষাৎকার দেশটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে পুজেদেমন বলেন, কাতালোনিয়ার জন্য সাধারণ ক্ষমা ও অন্যান্য ছাড় আদায়ের জন্য তিনি সানচেজের ক্ষমতার লোভকে কাজে লাগিয়েছিলেন।
নিজের বক্তব্যের প্রতি দৃঢ় অবস্থান জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতালান এই নির্বাসিত নেতা বলেন, সরকারের এভাবে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ানোর বিষয়টি কোনো বিশ্বাস থেকে প্রসূত নয়। বরং তারা নিজেরাই একাধিকবার যে কথা স্বীকার করেছে তা থেকেই এসেছে; প্রয়োজনকে সদ্গুণে রূপান্তর করা।

তিনি বলেন, ‘‘ক্ষমতায় থাকাটা তাদের জন্য জরুরি ছিল। তাই তারা যা কখনো না করার অঙ্গীকার করেছিল, তা করতে রাজি হয়েছে। আমি একে বিজয় বলি।’’

স্পেনের আগামী রোববারের আগাম সাধারণ নির্বাচনের বিষয়ে করা বেশির ভাগ জনমত জরিপে দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল পপুলার পার্টি (পিপি) সর্বাধিক আসন জিতলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে থাকবে বলে ধারণা পাওয়া গেছে। যার ফলে সরকার গঠনের জন্য দলটিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির ওপর নির্ভর করতে হবে।

সূত্র: এএফপি।