টাইমস ২৪ ডটনেট: জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়ন টেস্টেও বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ শেষ টেস্ট জয়ের পর অবশ্য বাংলাদেশকে অকপটেই কৃতিত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। টস জিতে নিজেদের ভাগ্যবানও বললেন তিনি। ২-০ তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। পুরো সিরিজে তাদের দাপট ছিল। কেবল জোহানেসবার্গে ৪০০ রানের প্রথম ইনিংস বাদে বাংলাদেশ বলার মতো কিছুই করতে পারেনি। তবুও তারা মারক্রামের কৃতিত্ব পেল, ‘গত ১২ থেকে ১৮ মাসে আমাদের দলের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সময়ে দায়িত্ব নিয়ে পারফর্ম করেছে। তবে জোহানেসবার্গে বাংলাদেশ আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করেছিলাম। টস আমাদের পক্ষে যাওয়ায় আমরা ভাগ্যবান ছিলাম। এরপর আমাদের বোলাররা দারুণ কাজ করেছে।’
এছাড়া নিজ দলের বোলিং আক্রমণ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। এই বোলিং আক্রমণে অনেক বিকল্প থাকাটা সত্যিই সৌভাগ্যের। অধিনায়ক হিসেবে বিষয়টি দারুণ উপভোগ করি। অ্যাকারম্যান নিজের স্বাভাবিক ও নিজস্ব ধরনে খেলাটাকে এগিয়ে নেয়। তার খেলার ধরনটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন ধাপ পেরিয়ে উঠে আসা এমন একজন ক্রিকেটারের সফলতা দেখতে ভালোই লাগে। আর উইয়ান মুল্ডারকে দলে পাওয়াটা আমাদের জন্য অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয়। তার কাছ থেকে এমন পারফরম্যান্স পাওয়াটা মোটেও বিস্ময়কর নয়।’
আগামী ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পরবর্তী টেস্ট সিরিজ। বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে। আরেকটি ফাইনালের বেশ কাছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলাকে চূড়ান্ত লক্ষ্য জানিয়ে মারক্রাম বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। সামনে দুটি বড় সিরিজ রয়েছে, একটি দেশের মাটিতে এবং অন্যটি দেশের বাইরে। গত কয়েক মাসে ইতিবাচক ফল পাওয়া আমাদের জন্য ভালো ব্যাপার।’