টাইমস ২৪ ডটনেট, ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নিয়োগ, বদলি, পদায়ন, পুনর্বহাল ও অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে তীব্র আলোচনা ও অস্থিরতা তৈরি হয়েছে সংস্থার সচিব মো. মশিউর রহমান খানকে কেন্দ্র করে। কর্পোরেশনের অভ্যন্তরীণ সূত্র, পূর্বে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, বিতর্কিত পুনর্বাসন এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে এবং অচিরেই তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে। বিতর্কিত পদায়ন ও পুনর্বাসনের ঘটনায় কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়ন নেতারা ইতিমধ্যে প্রকাশ্যে প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনিয়মের মাধ্যমে বিতর্কিতদের গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রতিবাদে এবং এসব আদেশ বাতিলের দাবিতে অচিরেই তাঁরা নগর ভবনে মানববন্ধন করবেন বলে জানা গেছে।
কর্পোরেশনের ভেতরের সূত্রগুলো দাবি করছে, দায়িত্ব গ্রহণের পর থেকে সচিব মো. মশিউর রহমান খান প্রায় ৩০০ জনের মতো কর্মচারীকে পুনর্বহাল করেছেন এবং প্রায় ২০০ জনের মতো কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করেছেন। অভিযোগ রয়েছে, এসব বদলির বেশিরভাগই বিতর্কিত এবং আর্থিক লেনদেনের বিনিময়ে সম্পন্ন হয়েছে। এই বদলি ও পদায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সচিবের একাধিকবার বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে, যার ফলে সংস্থার ভেতরে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশেষ করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ এসব বিতর্কিত আদেশ ও কর্মকাণ্ড নিয়ে চরম ক্ষোভের মধ্যে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের আদেশ ও পর্যালোচনার তথ্য গত ১৭ নভেম্বর (২ অগ্রহায়ণ) সচিব মো. মশিউর রহমান খানের স্বাক্ষরে জারিকৃত তিনটি পৃথক দপ্তর আদেশের নথি প্রকাশ্যে আসার পর নগর ভবনে নতুন করে আলোচনা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত আরও বেশ কিছু দপ্তর আদেশ এখনো হাতে পাওয়া যায়নি, যেগুলো সংগ্রহ ও পর্যালোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাপ্ত তিনটি আদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে’ পদায়নের কথা উল্লেখ থাকলেও একাধিক সূত্রের দাবি, প্রশাসককে অন্ধকারে রেখে বা প্রকৃত তথ্য আড়াল করে এসব আদেশ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদেশেরস্মারক নম্বর ৪৬.২০৭.০০০.০৩.০১.৮৭৯.২০২২-১০৬৭) রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখায় ‘লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার’ পদে ছয়জনকে চলতি দায়িত্ব ও সংযুক্তি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই তালিকার শেষের তিনজন-স্বাস্থ্য শাখার স্প্রেম্যান সুপারভাইজার ফাইয়াজ আহমেদ, হিসাব সহকারী মো. শাহিন হাসান এবং রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদ বিগত সরকারের অনুগত হিসেবে পরিচিত। দ্বিতীয় আদেশের স্মারক নম্বর ৪৬.২০৭.০০০.০৩.০১.৮৭৯.২০২২-১০৬৯) তিনজনকে রাজস্ব বিভাগের বিভিন্ন অঞ্চলে ‘বাজার সুপারভাইজার’ হিসেবে সংযুক্ত করা হয়। তারা হলেন-সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও বস্তি উন্নয়ন শাখার কেয়ারটেকার মো. মোসলেহ উদ্দিন জিকু, রেভিনিউ সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম এবং স্বাস্থ্য শাখার ভেটেরিনারি পরিদর্শক মো. আনিসুজ্জামান খান। কর্পোরেশনের ভেতরে অভিযোগ রয়েছে, এই তিনজনও পূর্ববর্তী রাজনৈতিক বলয়ের সুবিধাভোগী ছিলেন। তৃতীয় আদেশে (স্মারক নম্বর ৪৬.২০৭.০০০.০৩.০১.৮৭৯.২০২২-১০৭০) অঞ্চল-৫-এর লেজার কিপার মুহাম্মদ রাজন ইসলামকে অঞ্চল-১-এ ‘উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক’ পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ২৭ জনকে ‘লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার’ পদে পদায়ন করতে জনপ্রতি ৭ লাখ টাকা এবং ইতিপূর্বে ৩২ জনকে ‘ডেপুটি ট্যাক্স কালেক্টর’ (ডিটিও) পদে দায়িত্ব দিতে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। এসব আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক ভিডিও এবং স্বীকারোক্তিমূলক অডিও-ভিডিও সংরক্ষিত থাকার দাবিও করা হচ্ছে। পাশাপাশি কিছু অস্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও বড় অঙ্কের আর্থিক লেনদেনের ভিডিও ফুটেজ থাকার কথা বলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চাকরি স্থায়ী হয়নি এমন কয়েকজনকেও ‘উপকর কর্মকর্তা’ (ডেপুটি ট্যাক্স অফিসার/কালেক্টর) ও ‘লাইসেন্স সুপারভাইজার’ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কসাইখানায় দায়িত্বপালনকারী কর্মচারী এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের কেয়ারটেকারকেও নিয়মবহির্ভূতভাবে লাইসেন্স সুপারভাইজার ও ডেপুটি ট্যাক্স কর্মকর্তার মতো পদে বসানোর অভিযোগ উঠেছে, যা প্রচলিত বিধিমালা ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, দুর্নীতি দমন কমিশনের নির্দেশে অত্র সিটি কর্পোরেশনের স্থপতি হিসেবে মো. সিরাজুল ইসলামের অবৈধ নিয়োগের বিষয়টি গত ০১/০৬/২০২৬ ইং তারিখে প্রকাশিত দপ্তর আদেশ অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ থাকলেও তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে সচিব মো. মশিউর রহমান বৃহৎ আর্থিক সুবিধার বিনিময়ে আজ কয়েক মাস যাবৎ তদন্তটি স্থগিত করে রেখেছেন।
কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সচিব মো. মশিউর রহমান খান নিয়মিত অফিস সময়সূচি মানছেন না। সকালবেলা তিনি অফিসে আসেন না-সাধারণত বেলা ১১টা পর্যন্ত তাঁকে অফিসে পাওয়া যায় না বলে দাবি করা হয়েছে। অথচ তিনি প্রায় সময় রাত ১২টা পর্যন্ত অফিসে অবস্থান করেন এবং এ সময়ে বিভিন্ন আর্থিক লেনদেনের কর্মকাণ্ড চালান বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁর আচরণ নিয়েও নানা অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, তিনি সবার সাথে খারাপ আচরণ করেন, সহকর্মী, সেবাগ্রহীতা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে রাগারাগি ও রুক্ষ আচরণ করেন বলে জনশ্রুতি রয়েছে। এর ফলে প্রশাসনিক কাজে অচলাবস্থা ও চেইন অব কমান্ডে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে জিএম পরিবহন শাখার দায়িত্ব পালনকালে গাড়ি চালক এবং সংশ্লিষ্ট পাম্পের চুক্তি নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের টাকা লেনদেনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বিধি বহির্ভূতভাবে বিভিন্ন অফিস আদেশ জারির মাধ্যমে অগ্রিম অর্থ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে ডিএসসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরেও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া নিজের দাপ্তরিক কাজের বাইরে কর্পোরেশনের বিভিন্ন স্থানে দিনরাত গাছ ও ফুলের গাছ লাগানোর বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। কোন খাত থেকে অর্থ এসেছে এবং এসব গাছ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে-তা নিয়ে জনমনে ও কর্মকর্তাদের মাঝে কৌতূহল ও চাপা ক্ষোভ বিরাজ করছে।
এক জাতীয় দৈনিকে এর আগে প্রকাশিত প্রতিবেদনে ডিএসসিসির সচিবের বিরুদ্ধে স্থায়ীকরণ ও পুনর্বাসন বাণিজ্যের নানা অভিযোগ আনা হয়েছিল। ওই প্রতিবেদনে ৬০ জন অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে জনপ্রতি ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা এবং ২৬ জন কার্যসহকারীর স্থায়ীকরণে জনপ্রতি ২ লাখ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি চাকরিচ্যুতদের পুনর্বাসনে অর্থ লেনদেন এবং উন্নয়ন প্রকল্পের চলতি দায়িত্ব বণ্টনে জ্যেষ্ঠতার লঙ্ঘনের কথাও বলা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএসসিসিতে যোগদানের আগে তিনি ঢাকা ওয়াসার সচিব এবং জিএম পদে কর্মরত ছিলেন, যেখানে তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। এরও আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালেও তাঁর বিরুদ্ধে একই ধরনের ঘুষ বাণিজ্য, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ইটনার ইউএনও থাকাকালে তৎকালীন ক্ষমতাসীনদের সাথে ঘনিষ্ঠতা এবং মাঠ প্রশাসনে নানা অনিয়ম ও দুর্নীতির প্রামাণ্য রেকর্ডের কারণে তিনি একসময় পদোন্নতি বঞ্চিত ছিলেন। তবে ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রেক্ষাপট বদলে গেলে তিনি নিজেকে বৈষম্যের শিকার ও ভিন্ন রাজনৈতিক আদর্শের অনুসারী হিসেবে তুলে ধরে পদোন্নতি পান বলে দাবি করা হয়।
অভিযোগ রয়েছে, ছাত্রজীবনে বিএনপির রাজনীতির সাথে যুক্ত না থাকলেও বর্তমানে ভিন্ন পরিচয় ব্যবহার করে তিনি প্রশাসনের ভেতরে একটি চক্র গড়ে তুলেছেন, যা বর্তমান প্রশাসনকে বিব্রত করছে। ইউএনও, এডিসি, ঢাকা ওয়াসা এবং সর্বশেষ ডিএসসিসিতে তাঁর এই ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিস্তারিত তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলে জানা গেছে। সংস্থাগুলোর পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হলেও অজ্ঞাত কারণে এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি মশিউর রহমান ও তাঁর স্ত্রী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব পলি আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) খোঁজখবর নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসব বিষয়ে বক্তব্য জানতে সচিব মো. মশিউর রহমান খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতারা অবিলম্বে এসব বিতর্কিত আদেশ স্থগিত করে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
ডিএসসিসিতে পদায়ন ও বদলি বাণিজ্যের সিন্ডিকেট: সচিব মশিউর রহমানের বেপরোয়া কর্মকাণ্ডে অস্থির নগর ভবন