টাইমস ২৪ ডটনেট: নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে আবারও হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এমন আশঙ্কায় নিজেদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করছে ইরান। এর সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনাও আছে তাদের।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, নতুন করে হামলার শিকার হলেই প্রতিবেশী দেশগুলোতে স্থল হামলার পরামর্শ দিয়েছেন ইরানের চরমপন্থি রাজনীতিবিদরা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে পারমাণবিক অবকাঠামো এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইরান। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যুদ্ধ আবারও শুরু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেনে পাঠানো হচ্ছে। তারা শিশুদের যুদ্ধ সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। অপরদিকে সাধারণ মানুষকে বিমান বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এছাড়া মধ্যস্থতাকারীদের ইরান সতর্কতা দিয়েছে, এবার যুদ্ধ শুরু করা হলে ইরানের জবাব আরও আগ্রাসী হবে। যারমধ্যে থাকবে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার চেষ্টা। একইসঙ্গে ইরান সৌদি আরবকে সতর্কতা দিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে তাদের তেল পরিশোধনাগারকে টার্গেট করা হবে।
এদিকে কোন দেশে ইরান সরাসরি সেনা পাঠাতে পারে সেটি উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে তাদের সম্ভাব্য গন্তব্য হতে পারে বাহরাইন ও আমিরাত। বিশেষ করে আমিরাতে ঢুকতে পারে ইরানি সেনা। এছাড়া দেশটিতে আকাশ হামলার তীব্রতাও বাড়তে পারে।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল।