ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

সিরাজদিখানের গৌরীপুরায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩

সিরাজদিখানের গৌরীপুরায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গৌরীপুরা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় একই পরিবারের তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরীপুরা গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়ার সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিরাজদিখান থানার কোলা ইউনিয়নের গৌরীপুরা গ্রামের তার বসতবাড়িতে একদল কিশোর হামলা চালায় বলে অভিযোগ করেন লিটন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে লিটনের স্ত্রী রুনা, মা রাবেয়া বেগমসহ পরিবারের সদস্যদের ওপর লোহার রড, লাঠি, ঘুষি ও চর-থাপ্পড় দিয়ে হামলা চালানো হয়। এতে তিনজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘর থেকে নগদ ২ লাখ টাকা ও প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে হামলার শিকার লিটন মিয়া অভিযোগ করে বলেন, “আমার ওপর হামলার পর আসামিরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আরও হামলার হুমকি দিচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।