নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের নৌপরিবহন খাতের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে সংযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ইন্টার্নশিপ, মেরিটাইমবিষয়ক জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং পেশাগত সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
বুধবার (১৪ অক্টোবর) বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিসির পক্ষে জেনারেল ম্যানেজার (প্রশাসন) জেসমিন আরা বেগম এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে ডিন কমডোর মো. বেনজীর মাহমুদ।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী জানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সাদিকুল বারী, প্রভাষক মো. রিয়াদ খান, মো. জুবায়ের মিয়া ও রাব্বি রায়হান উপস্থিত ছিলেন। এছাড়া বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (অর্থ) শেখ মু. নাসিম, প্রধান প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম, জেনারেল ম্যানেজার (মেরিন) বাপ্পী কুমার অধিকারী, জেনারেল ম্যানেজার (কমার্স) মো. সফিকুল ইসলাম এবং প্রকৌশলী মেহেদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সমাপনী বক্তব্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী জানী বলেন, "মেরিটাইম খাতের সমৃদ্ধি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে এ সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিআইডব্লিউটিসিতে সরাসরি ইন্টার্নশিপের সুযোগ পাবেন। অন্যদিকে, বিআইডব্লিউটিসি মেরিটাইমবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কারিগরি জ্ঞান ও লজিস্টিক সহায়তা গ্রহণ করতে পারবে।"
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ডিন কমডোর মো. বেনজীর মাহমুদ এ সমঝোতাকে একটি ‘ঐতিহাসিক উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, দেশের মেরিটাইম খাতের সার্বিক উন্নয়নে পারস্পরিক দক্ষতা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পারস্পরিক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের ক্রেস্ট ও উপহারসামগ্রী এবং মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাময়িকী (রিসার্চ জার্নাল) ও উপহারসামগ্রী উপহার দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, এ সমঝোতার মাধ্যমে নৌপরিবহন খাতে দক্ষ জনবল তৈরি, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং গবেষণাভিত্তিক সহযোগিতা বিপুল গতি পাবে, যা দেশের সার্বিক মেরিটাইম অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।