মোঃ শরিফুল ইসলাম রবিন: আইনের শাসন কি শুধু কাগজের পাতায় সীমাবদ্ধ? আদালতের নিষেধাজ্ঞা যখন তুচ্ছ মনে করে প্রভাবশালীরা দাপিয়ে বেড়ায়, তখন সাধারণ মানুষের আশ্রয় কোথায়? ঢাকা জেলার নবাবগঞ্জের এক অসহায় পরিবার আজ এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখে। একদিকে জমি দখল করতে মরিয়া একদল সন্ত্রাসী, অন্যদিকে দুই থানার বা সীমানার দোহাই দিয়ে পুলিশের রহস্যজনক নীরবতা। সাথে যোগ হয়েছে রাজনৈতিক প্রভাব আর নির্বাচিত জনপ্রতিনিধিদের চরম ঔদ্ধত্য ও বিশ্বাসঘাতকতা। এক পরিবারের আর্তনাদ কি শুনতে পাবেন প্রশাসন?
এটি ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানার সীমান্ত এলাকা। এখানে বসবাস করেন মোঃ শফিকুল ইসলাম ও তার পরিবার। দলিলপত্র অনুযায়ী তাদের নিজস্ব ৩১ শতাংশ জমি। কিন্তু দীর্ঘ দিন ধরে এই জমিটি দখল করার চেষ্টা চলছে। অভিযোগ, এলাকায় প্রভাবশালী তারা মিয়া হাওলাদার এবং স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মেম্বারের প্রত্যক্ষ মদদে সরকারি খাস জমির পরিবর্তে শফিকুল ইসলামের ব্যক্তিগত বসত ভিটার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই রাস্তার ঠিক পাশেই রয়েছে ২৭ ফিট চওড়া সরকারি বর্ডার এলাকা। সেখানে অনায়াসেই রাস্তা নির্মাণ করা সম্ভব। কিন্তু অভিযোগ উঠেছে, প্রভাবশালী ইউসুফ মেম্বার নিজের প্রভাব খাটিয়ে ওই সরকারি ২৭ ফিট জায়গার সাথে ভুক্তভোগীর নিজস্ব আরও ৯ ফিট জায়গা দখল করে নিয়েছেন এবং সেখানে দেওয়াল নির্মাণ করে পুরো এলাকাটি আটকে দিয়েছেন। সরকারি জায়গা এবং ব্যক্তিগত জমি—উভয়টিই এখন এক প্রভাবশালী মেম্বারের দখলে।
লড়াইটা শুধু জমির নয়, লড়াইটা এখন বেঁচে থাকার। অভিযোগ উঠেছে, এই পুরো প্রক্রিয়ায় মদদ দিচ্ছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। তাকে এই সন্ত্রাসীদের মূল সহযোগীর তালিকায় রাখা হয়েছে। ঘটনাটি চরম আকার ধারণ করে গত ২৯ অক্টোবর। অভিযোগ, শফিকুল ইসলাম নিরব ও তার সহযোগীরা ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। সেই সময় ভুক্তভোগীর মেয়ে সুমাইয়া আক্তার যখন নিজের মুঠোফোনে এই নৃশংস ঘটনার ভিডিও ধারণ করতে যান, তখন সরাসরি তার ফোনটি ছিনিয়ে নেন ছাত্রদল নেতা শফিকুল ইসলাম নিরব। এই বর্বরোচিত হামলায় গুরুতর আহত হন শফিকুল ইসলামের স্ত্রী ইমাতন নেছা। হামলায় তার হাত ভেঙে যায়, আহত হয় তাদের মেয়েও।
এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড এবং শুরু থেকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মেম্বার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা মিয়ার সাথে হাত মিলিয়ে এই পুরো নীল নকশাটি তৈরি করেছেন ইউসুফ মেম্বার। ২৯ অক্টোবরের সেই রক্তক্ষয়ী হামলার সময় ইউসুফ মেম্বার সেখানে উপস্থিত ছিলেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি সামনে দাঁড়িয়ে দেখলেন কীভাবে একজন অসহায় বাবা-মাকে নির্মমভাবে মারধর করা হচ্ছে, কিন্তু তিনি একবারের জন্যও এগিয়ে আসেননি বা বাধা দেননি। বরং তিনি নিজেই এই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন।
ইউসুফ মেম্বারের আচরণ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভুক্তভোগীদের দাবি, ইউসুফ মেম্বার অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পর্দার আড়ালে তিনি দাপটের সাথে বলেন, "আমাদের সামনে আইনের কাগজ দেখানোর দরকার নেই, আমাদের কাছে আইন-উইন কিছু না!" অথচ যখনই কোনো ক্যামেরা বা বাইরের মানুষের সামনে আসেন, তখন তিনি আইনের যথেষ্ট সম্মান করার নাটক করেন। শুধু তাই নয়, এলাকার মানুষকে চাপে রাখতে এবং রাস্তা কাটার কাজ এগিয়ে নিতে ইউসুফ মেম্বার সবার সামনে প্রকাশ্যেই ঘুষ বিতরণ করেছেন বলে অভিযোগ।
আরও মর্মান্তিক বিষয় হলো, এলাকার মেম্বার এবং চেয়ারম্যান—উভয়েই শুরুতে এই অসহায় পরিবারটিকে আশ্বাস দিয়েছিলেন যে, দখল করা ওই দেওয়ালটি ভেঙে দেওয়া হবে। ভুক্তভোগী পরিবার বারবার তাদের কাছে গিয়ে অনুরোধ করেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি এখন কেবলই মিথ্যে। এখন যখন তাদের কাছে দেওয়াল ভাঙার কথা বলা হয়, তখন তারা চরম অবহেলার সাথে বলেন, "তোমরা যা পারো করে নাও, আমরা এসব ব্যাপারে কিছু জানিনা।" অথচ যখন এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল, তখন মেম্বার-চেয়ারম্যান সবাই সেখানে উপস্থিত ছিলেন। আজ যখন বিচারের কথা বলা হচ্ছে, তখন তারা মুখ ফিরিয়ে নিয়েছেন।
এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ভুক্তভোগী পরিবার বারবার নবাবগঞ্জ ও দোহার—উভয় থানায় অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। কারণটা অদ্ভুত। ভুক্তভোগীর বাড়ি নবাবগঞ্জ থানায়, কিন্তু আক্রমণকারীদের মূল মাথা তারা মিয়ার বাসা দোহার থানায়। সীমানা সংলগ্ন এলাকা হওয়ায় দুই থানা একে অপরের ওপর দায় চাপাচ্ছে। পুলিশ এই দ্বন্দ্বের আড়ালে বিষয়টি এড়িয়ে গেছে বলে অভিযোগ। যখন অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে, তখন পুলিশ ব্যস্ত কেবল সীমানা নির্ধারণ নিয়ে! ফলে আইনের আশ্রয় পাওয়ার কথা থাকলেও, এই পরিবারটি এখন সম্পূর্ণ অরক্ষিত।
আদালতের নিষেধাজ্ঞা, এসিল্যান্ডের আবেদন, পুলিশের কাছে আরজি—সবই ব্যর্থ হয়েছে। অথচ সরকারি ২৭ ফিটের জায়গা ছেড়ে এবং ব্যক্তিগত ৯ ফিট জায়গা দখল করে একটি পরিবারের ভিটেমাটি ধ্বংস করতে উদ্যত প্রভাবশালীরা। ছাত্রদল নেতা থেকে শুরু করে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের প্রভাব যখন আইনের ঊর্ধ্বে চলে যায়, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? ভেঙে যাওয়া হাত আর চোখের জলই এখন এই পরিবারের একমাত্র সঙ্গী। প্রশাসন কি শেষ মুহূর্তে জাগবে, নাকি প্রভাবশালীদের দাপটে চাপা পড়ে যাবে ন্যায়বিচার?
আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য জানার চেষ্টা করেছি, তবে এখন পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। আমরা আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইউসুফ মেম্বার, তারা মিয়া এবং শফিকুল ইসলাম নিরবসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন এবং এই অসহায় পরিবারটি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।