‎ইয়াবা দিয়ে আটকের কাল্পনিক অভিযোগ তুলে পুলিশকে হেনস্তার অপচেষ্টা

‎ইয়াবা দিয়ে আটকের কাল্পনিক অভিযোগ তুলে পুলিশকে হেনস্তার অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জসিমের বিরুদ্ধে ইয়াবা দিয়ে আটক ও উৎকোচ গ্রহণের যে মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ অনিবন্ধিত ও স্বার্থান্বেষী অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও মানহানিকর বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ। পুলিশের নিয়মিত ও কঠোর মাদকবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করতে এবং একটি বিশেষ মহলের ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই মানহানিকর প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।
‎
‎জানা যায়, গত ১০ নভেম্বর জিএমপি বাসন থানার ‘কিলো-টু’ দিবাকালীন ডিউটির অংশ হিসেবে নাওজোর এলাকার সালামের তেলের দোকান সংলগ্ন এলাকায় আইনানুগভাবে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে রাখে পুলিশ। পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত ওই ডিউটিকালীন সময়ে স্বপন বর্মন, অভিলাষ বর্মন কিংবা রুম্মান নামক কোনো ব্যক্তিকে আটক বা থানায় এনে জিম্মি করার বিন্দুমাত্র কোনো ঘটনাই ঘটেনি। এমনকি স্বপন বর্মন বা অভিলাষ বর্মন নামে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেও থানা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের লিখিত কিংবা মৌখিক অভিযোগ দায়ের করা হয়নি। কোনো সুনির্দিষ্ট ভুক্তভোগী কিংবা সাক্ষ্য-প্রমাণ ছাড়াই আর্থিক লেনদেন বা ঘুষ গ্রহণের এই কাল্পনিক বয়ান নিছকই উদ্দেশ্যপ্রণোদিত গল্প ছাড়া আর কিছু নয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গাজীপুর এলাকায় জিএমপি পুলিশের সাঁড়াশি ও জিরো টলারেন্স নীতিভিত্তিক মাদকবিরোধী অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা। আত্মরক্ষা এবং পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার এজেন্ডার অংশ হিসেবে আওয়ামী পন্থী একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট এবং তাদের দোসররা এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পুলিশের মনোবল ভেঙে দিতে এবং সমাজে আইনশৃঙ্খলা বাহিনীকে হেয়প্রতিপন্ন করার এটি একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র।
‎
‎অন্যদিকে, সংবাদকর্মীর সঙ্গে এসআই জাহিদুল ইসলামের ফোনালাপ বা আচরণ নিয়ে যে একতরফা ও আংশিক খণ্ডিত দাবি তোলা হয়েছে, তাও পুরোপুরি অসত্য। এসআই জাহিদুল ইসলামের শারীরিক অসুস্থতাজনিত পরিস্থিতির সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল তার কথোপকথনকে কারিগরি উপায়ে বিকৃত ও মনগড়াভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছে।
‎
‎আইনজ্ঞদের মতে, দণ্ডবিধি এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রণীত সাংবাদিকতার নীতিমালা স্পষ্টতই নির্দেশ করে যে, কোনো সুনির্দিষ্ট, প্রমাণিত সাক্ষ্য-প্রমাণ কিংবা ভুক্তভোগীর সরাসরি লিখিত বা মৌখিক অভিযোগ ব্যতিরেকে নিছক অনুমানের ওপর ভিত্তি করে কোনো সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা উৎকোচের সংবাদ প্রচার করা গুরুতর মানহানি এবং হলুদ সাংবাদিকতার শামিল। ভিত্তিহীন ও একপেশে এই ধরনের বানোয়াট তথ্য প্রকাশ অপরাধমূলক মানহানির আওতায় পড়ে।
‎
‎স্থানীয়দের দাবি, পুলিশকে অপরাধ দমনে নিস্ক্রিয় করতে এ ধরনের ভিত্তিহীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুরের সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। হলুদ সাংবাদিকদের এই ব্ল্যাকমেইলিং ও অপতৎপরতা কঠোরহস্তে দমন না করা হলে তা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আইনি বিশ্লেষকরা।
‎
‎​এ বিষয়ে পুলিশ কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ ছাড়াই একটি চক্র আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। মূলত কঠোর মাদকবিরোধী অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়া একটি সিন্ডিকেট পুলিশকে বিতর্কিত করতে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।