‎রাজধানীর স্বামীবাগ-গোপীবাগে রাজউকের তামাশার অভিযান! 

‎রাজধানীর স্বামীবাগ-গোপীবাগে রাজউকের তামাশার অভিযান! 

এম. আনোয়ার হোসেন: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত মানেই কি শেষ পর্যন্ত দায়সারা গোছের লোকদেখানো অভিযান? নাকি অনিয়মের পাহাড় গড়ে তোলা প্রভাবশালী ভবন মালিকদের জন্য এক ধরনের সুরক্ষাকবচ? নগরীর স্বামীবাগ ও গোপীবাগের মতো অভিজাত ও ঘনবসতিপূর্ণ এলাকায় রাজউকের সদ্য সমাপ্ত একটি অভিযান সেই প্রশ্নকেই ফের বড় করে তুলেছে। ছয়টি অবৈধ ভবনে অভিযান চালিয়ে নামমাত্র একটি ভবনে জরিমানা করা আর বাকি পাঁচটিতে প্রতীকী ব্যবস্থা বা মৌখিক সতর্কতায় বিষয়টি ধামাচাপা দেওয়া রাজউকের কার্যকারিতা নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি করেছে।
‎
‎গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজউকের জোন-৬/১-এর সাবজোন-৬/১-এর আওতাধীন স্বামীবাগের মিতালী স্কুল রোড ও গোপীবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান এবং অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে প্রকাশ্যে নকশাবহির্ভূত নির্মাণ ও আইনের স্পষ্ট লঙ্ঘন দেখা গেলেও, রহস্যজনক কারণে ৬ টি ভবনের মধ্যে ৫টি ভবনই শাস্তির আওতায় আনা হয় নি।
‎
‎রাজউকের তথ্য অনুযায়ী, এদিন মোট ছয়টি ভবন পরিদর্শন করা হয়, যার মধ্যে চারটিই ছিল নির্মাণাধীন এবং দুটি পুরোপুরি নির্মিত। এর মধ্যে ৬২ নম্বর হোল্ডিংয়ের একটি ১০ তলা ভবনের কিছু অংশ আংশিক অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই হোল্ডিংয়ের অপর একটি সাততলা ভবনের অবৈধ সীমানাপ্রাচীর ভাঙার জন্য মালিককে দেওয়া হয়েছে এক মাসের দীর্ঘ সময়! কাগজে-কলমে এই এক মাসের সুযোগ দেওয়া মানেই হলো অবৈধ কাজটি পাকাপোক্ত করার জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা।
‎
‎​অন্যদিকে, ৫৬ নম্বর হোল্ডিংয়ের ভবন মালিককে কেবল সতর্ক করেই দায় সেরেছেন ম্যাজিস্ট্রেট। গোপীবাগের আর কে মিশন রোডের ৯৫/২/বি হোল্ডিংয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে রাজউক কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে কেবল সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদন করার পরামর্শ দিয়ে দায়িত্ব সেরেছে। এছাড়া ৮৯/১ নম্বর হোল্ডিংয়ের চারতলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বাকি ভবনগুলোর ক্ষেত্রে নমনীয়তার চূড়ান্ত রূপ দেখা গেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেখানে ৬টি ভবনেই কমবেশি অনিয়ম বা অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়া গেছে, সেখানে আইন ভঙ্গের দায়ে পাঁচটি ভবনের মালিকদের কোন জাদুমন্ত্রে ছাড় দেওয়া হলো?
‎
‎নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর বুকে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ও নকশাবহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে যখন জিরো টলারেন্স নীতি থাকার কথা, সেখানে রাজউকের এমন ‘নরম গরম’ নীতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। সাধারণ মানুষ একটু নিয়ম লঙ্ঘন করলেই যেখানে খড়্গহস্ত হয় রাজউক, সেখানে স্বামীবাগ-গোপীবাগের এসব বহুতল ভবনের ক্ষেত্রে এমন ঢিলেঢালা মনোভাব কার স্বার্থ রক্ষা করছে? রাজউকের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ ছাড়া এমন পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়।
‎
‎রাজধানীর রাজপথ ও অলিগলিতে একের পর এক ঝুঁকিপূর্ণ ভবন মাথাচাড়া দিয়ে উঠলেও রাজউকের এমন মায়াভরা অভিযান রাজধানীবাসীর সঙ্গে এক ধরণের তামাশা ছাড়া আর কিছু নয়। নামমাত্র লোকদেখানো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই সংস্কৃতি থেকে বের হয়ে না এলে রাজউকের ওপর সাধারণ মানুষের শেষ আস্থাটুকুও চিরতরে হারিয়ে যাবে। জনগণের প্রশ্ন, এই ৫টি ভবনকে বাঁচানোর নেপথ্যে কলকাঠি নাড়ছে কারা? রাজউক কি শুধুই আইওয়াশ অভিযান চালিয়ে দায়িত্ব এড়াতে চায়?
‎
‎এবিষয়ে জানতে অভিযান পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ১ টি পুরাতন ভবনের অংশ রাস্তা দখল করায় ১ মাস সময় দেওয়া হয়েছে। ছয়টি ভবনেই নকশার ব্যত্যয় ও অনিয়মের প্রমাণ পাওয়ার পরও পাঁচটি ভবনকে কেন শাস্তির বাইরে রাখা হলো, এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট অদ্ভুত এক যুক্তি দাঁড় করান। তিনি জানান, পাঁচটি ভবনের মালিককে খুঁজে না পাওয়ায় জরিমানা বা শাস্তির আওতায় আনা যায়নি।
‎
​ম্যাজিস্ট্রেটের এমন বক্তব্যে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সচেতন নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা। তাদের প্রশ্ন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে মালিক অনুপস্থিত থাকলে নির্মাণকাজ সিলগালা করা বা ভবন জব্দ করার আইনি এখতিয়ার ম্যাজিস্ট্রেটের রয়েছে। সেখানে মালিক নেই অজুহাতে অবৈধ ভবনগুলোকে ছাড় দেওয়া কি আইনের শাসন, নাকি অসাধু কর্মকর্তাদের সাথে ভবন মালিকদের গোপন সমঝোতার ফসল?
‎
‎