নিজস্ব প্রতিবেদক: সাময়িক বরখাস্ত হওয়া বিচারক মো. আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী হোসেন পাইকারি মার্কেটের ১০০টি দোকান ও একটি গার্মেন্টস কারখানা দখলের চেষ্টা, ব্যবসায়ীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীমের পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এসব ঘটনা ঘটছে। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।
আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাজী হোসেন পাইকারি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এ সময় সমিতির সহসভাপতি নাসিরউদ্দিন খান, আ. লতিফ মৃধা, আব্দুর রউফ ও দপ্তর সম্পাদক মো. কাউসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ বলেন, মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের মধ্যে আরিফুল ইসলাম তাঁর স্ত্রীর পক্ষে একাধিকবার দোকান দখলের চেষ্টা করেন। ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীকে দোকান বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও যশোরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা করা হয়েছে। এসব মামলার কয়েকটির নিষ্পত্তি তাঁদের পক্ষে হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ২০২৬ সালের ৫ জুলাই যশোরের কোতোয়ালি থানায় তাঁদের একজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমানের উপস্থিতিতে শত শত মানুষের অংশগ্রহণে মার্কেটের বিরোধ নিষ্পত্তিতে আপস-মীমাংসার বৈঠক হয়। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চ্যানেল ২৪-কে বাদীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন এবং জমিজমার বিরোধের সূত্র ধরে মামলাটি হয়েছে বলে উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের একাংশ দখলে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজন আহত হন। একজন নারী ব্যবসায়ীকে জোর করে বের করে দেওয়ার ভিডিও ফুটেজও রয়েছে। সর্বশেষ গত ৯ নভেম্বর নম্বরপ্লেটবিহীন একটি মাইক্রোবাসে করে মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিদকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তাঁকে না পেয়ে তাঁর বাসার কেয়ারটেকারকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা ঘোরানোর পর ছেড়ে দেওয়া হয়।
কাজী আবুল কালাম আজাদ আরও অভিযোগ করেন, আরিফুল ইসলামের স্ত্রীর নামে প্রকাশিত ‘আলোকিত স্বদেশ’ পত্রিকাটি ব্যবহার করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মার্কেটের বিরোধ নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিকদের বিরুদ্ধেও কুৎসা ছড়ানো হচ্ছে।
তিনি জানান, এসব ঘটনায় থানা-পুলিশ, জেলা প্রশাসন, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ এবং সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিচারকের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করে অভিযোগগুলোর সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা।