ইসরায়েলের মরক্কোয় বিক্ষোভ

ইসরায়েলের মরক্কোয় বিক্ষোভ


টাইমস ২৪ ডটনেট: ‘ফিলিস্তিনের জন্য জাতীয় কর্মসূচি’ নামের একটি বেসরকারি সংগঠনের আহ্বানে ‘ক্ষত-বিক্ষত গাজার সমর্থনে’ স্লোগান নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মরক্কো ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে চলমান সামরিক সহযোগিতার বিরোধিতা করেন।

তারা রাবাতে ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক অ্যাটাশে কার্যালয় খোলার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

শুক্রবার পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এই সমাবেশে বিক্ষোভকারীরা অন্য প্ল্যাকার্ডের মাধ্যমে গাজায় ইসরায়েলি শাসকগোষ্ঠীর হামলা এবং ফিলিস্তিনিদের ভয়াবহ মানবিক পরিস্থিতির নিন্দা জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা মরক্কো-ইসরায়েল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ বিলুপ্ত করারও দাবি জানান। তাদের বক্তব্য, এই গ্রুপের কার্যক্রম অব্যাহত রাখা তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের দাবির সম্পূর্ণ পরিপন্থী।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারামের মরক্কো সফরের কয়েক দিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। তিনি একটি সামরিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে মরক্কো সফর করেন।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল রাবাতে ইসরায়েলি সামরিক অ্যাটাশে কার্যালয়ের স্থায়ী সদর দপ্তর উদ্বোধন করা। কর্নেল শ্যারন ইতাখ মরক্কোয় ইসরায়েলের প্রথম স্থায়ী সামরিক অ্যাটাশে হিসেবে এই কার্যালয়ের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত সোমবার মরক্কোর সেনাবাহিনী জানিয়েছিল, রাবাত ও তেল আবিবের মধ্যে সামরিক সহযোগিতা ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি, সামরিক শিল্প, সাইবার নিরাপত্তা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে দুই পক্ষের আলোচনার পর এ বক্তব্য দেওয়া হয়।

গত কয়েক বছর ধরে মরক্কোর বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এসব সমাবেশে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং তেল আবিবের সঙ্গে রাবাতের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে মরক্কো সরকার ও ইসরায়েলি শাসকগোষ্ঠী তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করে। ২০০০ সাল থেকে এই সম্পর্ক স্থগিত ছিল। তবে এই সিদ্ধান্ত মরক্কোর সাধারণ জনগণ এবং বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক সংগঠনের বিরোধিতার মুখে পড়ে। এসব সংগঠন এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে।

সূত্র: পার্সটুডে।