কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চেকপোস্টে হামলা, আহত ৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাই অ্যালার্ট জারি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাই অ্যালার্ট জারি


টাইমস ২৪ ডটনেট: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগাম জেলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের একটি চেকপোস্টে হামলা হয়েছে। আজ (বুধবার) দুপুরে মীর বাজারের কাছে মোটরসাইকেলে চড়ে আসা দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর ওপর এলোপাথাড়ি গুলি চালায়। এতে সিআরপিএফের অন্তত তিন জওয়ান আহত হয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুর আড়াইটার কিছু আগে নাকা চেকিংয়ের সময় হামলাকারীরা হঠাৎ গুলি শুরু করে। জওয়ানরা পাল্টা জবাব দেন। এর মধ্যেই হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানে চিকিৎসাধীন।

সিআরপিএফ সূত্রে আহত জওয়ানদের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সন্তোষ চাঁদু, আসামের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং।

হাসপাতাল সূত্রের খবর, একজনের হাতে, একজনের পায়ে এবং একজনের তলপেটের দিকে গুলি লেগেছে। আরেক সূত্র বলছে, পশ্চিমবঙ্গের জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে।

সিআরপিএফ এক বিবৃতিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে মোতায়েন নিরাপত্তাকর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালায়। এতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

হামলার পরপরই কুলগামসহ পুরো উপত্যকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

হামলাকারীরা কোন সংগঠনের, তা এখনো সরকারিভাবে জানা যায়নি। তবে কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, হামলাটি পরিকল্পিত। এর পেছনে লস্কর-ই-তাইয়েবার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

একটি সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে লস্কর সদস্য মোহাম্মদ লতিফ ভাটের নাম উঠে এসেছে। তার মাথার দাম ২৪ লাখ রুপি।

সূত্র: পার্সটুডে।