টাইমস ২৪ ডটনেট: ইয়েমেনে চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৯৯২টি অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে হুথি বিদ্রোহীদের ২৬৭ জন যোদ্ধা-কমান্ডার নিহত বা আহত হয়েছেন অথবা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে হুথি বিদ্রোহীদের ৯৭টি সামরিক যান। পাশাপাশি, অভিযান পরিচালনার সময়ে হুথি যোদ্ধাদের হামলায় সেনাবাহিনীর ৯ জন কর্মকর্তাও নিহত হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। এক্সবার্তায় কর্নেল আল-নুজাইলি জানান, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ১৯টি বিমান হামলা, ২৯টি ড্রোন হামলা এবং হুথিদের অবস্থান, রি-ইনফোর্সমেন্ট ইউনিট এবং সামরিক স্থাপনা-সরঞ্জাম লক্ষ্য করে ৯৪৪টি আর্টিলারি ও রকেট হামলা পরিচালনা করেছে সেনাবাহিনী। রোববারের বার্তায় কর্নেল আল নুজাইলি আল-নুজাইলি আল-জওফ প্রদেশ এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে অগ্রগতির কথা উল্লেখ করলেও, ঠিক কোন কোন এলাকা দখল করা হয়েছে তা জানাননি। হুথিদের দুই ঘাঁটি অঞ্চর মারিব ও তাইজ অঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এই বিবৃতির জবাবে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। গত ৫ অক্টোবর থেকে ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
এক্সবার্তায় নিহত ৯ সেনা কর্মকর্তা সম্পর্কে কর্নেল আল নুজাইলি বলেছেন, অভিযানের সময় দুই ফিল্ড কমান্ডারসহ নয়জন কর্মকর্তা নিহত হয়েছেন। মারিবে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, তবে তারা কখন বা কোথায় নিহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। আলাদা বিবৃতিতে সেনাবাহিনী মারিব ও লাহজে হুথিদের অবস্থান ও যানবাহনের ওপর হামলার কথা জানিয়েছে। তারা হতাহতের দাবি করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।
এদিকে রোববার সৌদি-ইয়েমেন সামরিক জোট জানিয়েছে যে, জোটের সেনারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুথিদের একটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার প্রচেষ্টার পর ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে আরামকোর একটি প্রশাসনিক ভবনের সামান্য ক্ষতি হয়েছে; তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাস থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘাত উসকে উঠেছে এবং এতে ইতোমধ্যেই প্রায় ১০ হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা এবং ইয়েমেনের অন্যান্য অঞ্চল দখল করে নেওয়ার পর থেকেই দেশটি সংঘাতের কবলে পড়েছে। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। এর ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধের পাশাপাশি দেশটিতে এক ভয়াবহ মানবিক সংকটের আবর্তে পড়ে সৌদি আরবের এই প্রতিবেশী দেশ।
নতুন করে শুরু হওয়া এই সংঘাত ২০২২ সাল থেকে ইয়েমেনে বজায় থাকা আপেক্ষিক শান্ত অবস্থাকে কার্যত ভেঙে দিয়েছে ইয়েমেনের মানবিক ও বাস্তুচ্যুতি সংকটকে আরও তীব্র করে তুলেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।