টাইমস ২৪ ডটনেট: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় অবকাশযাপন শহর ইজমিরের কাছের একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে এক ডজন মানুষ। সোমবার সোমবারের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইজমিরের গভর্নর কার্যালয় প্রাথমিকভাবে তিনজনের মৃত্যু, ১৪ জন আহত এবং ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছিল। তবে পরবর্তীতে হালনাগাদ তথ্যে বলা হয়, আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও দুজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগায় অবস্থিত হাবাশ দেমির চেলিক প্ল্যান্টের একটি উঁচু কাঠামোতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ওই এলাকার নীল আকাশে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। বিস্ফোরণের সময় কাছ দিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী দেনিজ উলকের বলেন, বিস্ফোরণের শব্দ ভূমিকম্পের মতো মনে হয়েছিল। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে উলকের বলেন, মনে হচ্ছিল আমাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। রাস্তার ওপারে কারখানার দিকে তাকাতেই দেখি সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। যে স্থানে চিমনিটি ছিল সেখানে আগুন ধরে যায়।কারখানার ট্রাক চালক তুরান ইলবে বলেন, বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। প্রাথমিক তদন্তের পর তরল ইস্পাত ঢালাই প্রক্রিয়ায় ব্যবহৃত একটি বিশাল শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইজমিরের মেয়র জেমিল তুগে বলেছেন, উদ্ধারকারী বিভিন্ন দল ভেঙে পড়া চুল্লি ও ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতের শিকার ব্যক্তিরা কারখানার শ্রমিক ছিলেন।
সূত্র: এএফপি।