সরকার বদলেছে, বদলায়নি ঠিকাদারি প্রভাবের অভিযোগ: ফেনীতে আলোচনায়   মনজুরুল ইসলাম সুমনের

সরকার বদলেছে, বদলায়নি ঠিকাদারি প্রভাবের অভিযোগ: ফেনীতে আলোচনায়   মনজুরুল ইসলাম সুমনের

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও ফেনীর সরকারি উন্নয়নকাজের ঠিকাদারি খাতে পুরোনো প্রভাব বজায় রাখার অভিযোগ উঠেছে সোবাহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ঘনিষ্ঠতা ও ক্ষমতার প্রভাব ব্যবহার করে সরকারি কাজের দরপত্র নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বী ঠিকাদারদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাবশালী ঠিকাদারি বলয় গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় ঠিকাদারি খাতের একাধিক ব্যক্তির অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে সরকারি উন্নয়নকাজের দরপত্রে প্রভাব বিস্তার করতেন সুমন। তাঁর প্রভাবের কারণে অনেক ঠিকাদার দরপত্র প্রতিযোগিতা থেকে সরে থাকতে বাধ্য হতেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
অভিযোগকারীদের ভাষ্য, সরকারি কাজের দরপত্র ও কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে একটি প্রভাবশালী বলয় সক্রিয় ছিল। প্রতিদ্বন্দ্বী ঠিকাদারদের ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের কোণঠাসা করে রাখার অভিযোগও রয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। কিন্তু ফেনীর ঠিকাদারি খাতে সেই পরিবর্তনের প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সুমন বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ ও প্রভাব কাজে লাগিয়ে সরকারি উন্নয়নকাজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে আওয়ামী লীগের মামলাভুক্ত ও পলাতক নেতাকর্মীদের ফেনীর বিভিন্ন এলাকা থেকে নিরাপদে সরে যেতে সহায়তা করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট মামলার নথি যাচাই করা প্রয়োজন।
দরপত্র ও কার্যাদেশে কী আছে?
এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সোবাহান ট্রেডার্সের নামে বিভিন্ন সময়ে পাওয়া সরকারি কাজের তালিকা, দরপত্রে অংশগ্রহণের বিবরণ, কার্যাদেশ, প্রকল্পের ব্যয় এবং কাজ বণ্টনের প্রক্রিয়া খতিয়ে দেখে তার প্রমান পাওয়া য়ায়। 
বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে প্রতিষ্ঠানটির পাওয়া সরকারি কাজের সংখ্যা, আর্থিক পরিমাণ এবং দরপত্রে প্রতিযোগিতার চিত্রে দেখা য়ায় সে আগের তুলনায় বেশি কাজ করেছে। 
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোবাহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মনজুরুল ইসলাম সুমনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।