মোঃমনজুর মোল্লা : কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃত নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার নয়ানখাল উত্তরপাড়া এলাকার মৃত ছকমল হোসেনের মেয়ে।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (২৬ সেপ্টেম্বর দিবাগত রাত) রাত ২টা ১৫ মিনিটে সিআইডির একটি চৌকস দল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ:
সিআইডি জানায়, ভুক্তভোগী বাদীকে কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৩০ লাখ টাকার একটি মৌখিক চুক্তি করে চক্রটি। চুক্তির পর গত ২৮ মে ২০২৫ থেকে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকাসহ সর্বমোট ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় তারা।
টাকা গ্রহণের পর আসামিরা ভুক্তভোগীকে কানাডায় যাওয়ার জন্য কিছু কাগজপত্র হস্তান্তর করে। পরবর্তীতে ভুক্তভোগী ওই কাগজপত্র নিয়ে কানাডিয়ান অ্যাম্বাসিতে যোগাযোগ করলে যাচাই-বাছাই শেষে সেগুলো ভুয়া ও জাল বলে জানানো হয়। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী ডিএমপির কাফরুল থানায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ০৭/১১/২০২৫ খ্রি., ধারা: ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬ পেনাল কোড) দায়ের করেন।
সিআইডির বক্তব্য ও তদন্ত:
তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত নারী ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে বিদেশে লোক পাঠানোর নামে ভুয়া কাগজপত্র তৈরি করে আসছিলেন। অভিযুক্ত নারী নিজের আসল নাম-ঠিকানা গোপন করে সালমা আক্তার পরিচয়ে দীর্ঘ দিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে অভিযান চালায় সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী অপরাধের সত্যতা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডি জানিয়েছে, আত্মসাৎ করা অর্থের গতিপথ উদ্ধার, প্রতারণায় জড়িত এজাহারনামীয় অন্যান্য আসামিদের ভূমিকা নির্ধারণ এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
কানাডায় পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির হাতে নারী প্রতারক গ্রেপ্তার