হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট: ঢাকা জেলা ড্রাম ট্রাক, কংক্রিট মিক্সার, প্রাইম মুভার, ট্রেইলার, ক্রেন ও ফ্ল্যাটবেড (হেভী ইকুইপমেন্ট অপারেটর) শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: ঢাকা-৬৩৫২) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর, সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মো. ফয়ছল আহমেদ (টিপু)-র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. আলাউদ্দিন ফরাজী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ—জনাব মো. জুবায়ের জাকির, জনাব সৈয়দ কবির আহমেদ মিঠু এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মো. ইউসুফ হাওলাদার।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে হেভী ইকুইপমেন্ট অপারেটরদের অবদান অনস্বীকার্য। ড্রাম ট্রাক, ক্রেন, এক্সকাভেটর, পেলোডার, ডোজার, ফর্কলিফট, ফ্ল্যাটবেড, কংক্রিট মিক্সার, প্রাইম মুভার ও ট্রেইলারসহ নানা ভারী যন্ত্রপাতি চালনার মাধ্যমে এসব শ্রমিক দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন।
বক্তারা কর্মক্ষেত্রে চালক ও শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা এবং পেশাগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংগঠিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ‘শ্রমিকের অধিকার’ রক্ষায় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে শ্রমিকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ভবিষ্যতে হেভী ইকুইপমেন্ট অপারেটরদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের শ্রমিক প্রতিনিধি ও বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।