বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত: সড়ক মুক্ত করে শিশুদের খেলাধুলা ও বিনোদনের আয়োজন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত: সড়ক মুক্ত করে শিশুদের খেলাধুলা ও বিনোদনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ক্রমবর্ধমান যানজট ও দূষণের প্রভাব সামলে কম গাড়ি নির্ভর ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে উদযাপিত হলো বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—"কম গাড়ি, বাসযোগ্য নগরী"। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখে শিশুদের জন্য খেলাধুলা ও সামাজিকীকরণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য বিস্কুট দৌড়, সুই-সুতো দৌড় ও মারবেল দৌড়ের মতো ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলার ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতে পুরো আয়োজনস্থল দেশীয় পাখি ও বৃক্ষের ছবিতে সাজিয়ে তোলা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজধানী ঢাকায় পর্যাপ্ত উন্মুক্ত স্থান ও খেলার মাঠের অভাব রয়েছে। প্রধান গণপরিসর হিসেবে বিবেচিত সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে সাধারণ মানুষের চলাচলের জায়গা সংকুচিত হয়ে আসছে। কম ব্যস্ত সড়কগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রেখে শিশুদের নিরাপদ খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ তৈরি করা সম্ভব। স্থানীয় এলাকাবাসী, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিত এমন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নগরীকে আরও বাসযোগ্য করে তোলা যাবে।
উল্লেখ্য, সত্তরের দশকে জ্বালানি সংকটের সময় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পায় এবং নব্বইয়ের দশকে তা বিশ্বজুড়ে প্রসার লাভ করে। বর্তমানে বিশ্বের প্রায় ৪ হাজার শহরে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি উদ্যোগ এবং ২০১৬ সাল থেকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সমন্বয়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
আজকের এই আয়োজনে মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, কারফ্রি সিটিস অ্যালায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিস অ্যালায়েন্স, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ইনস্টিটিউট অব ওয়েলবীইং এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।