মনজুর মোল্লা : ইতালি পাঠানোর কথা বলে প্রায় ২৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য মোঃ আবুল হোসেনকে (৬৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আবুল হোসেন গাজীপুরের কাপাসিয়া থানার কাড়িহাতা গ্রামের মৃত বান্দুমিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক নারীকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন ওই নারীকে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পর চক্রটির সহযোগীরা তাকে একটি স্থানে বন্দি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবার থেকে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়।
একপর্যায়ে ভুক্তভোগী নারী সুযোগ বুঝে বন্দিশালা থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। পরবর্তীতে লিবিয়া পুলিশ তাকে আটক করে এবং ২০২৪ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে তিনি বাদী হয়ে ডিএমপির মিরপুর মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রুজু করেন।
সিআইডি জানায়, মামলার তদন্তভার গ্রহণের পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে কাপাসিয়ার কাড়িহাতা গ্রাম থেকে এজাহারনামীয় আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মানব পাচার আইনে আরও একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
গাজীপুর থেকে মানব পাচারকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি