দুর্গাপূজায় ফেরি-লঞ্চে বিশেষ সেবার নির্দেশ বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের

দুর্গাপূজায় ফেরি-লঞ্চে বিশেষ সেবার নির্দেশ বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের

বিশেষ প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন নৌরুটে ফেরি ও যাত্রীবাহী জাহাজের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিশেষ করে নাবিকদের যাত্রীসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের যাতায়াত বাড়তে পারে। এ সময় নৌপথে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ফেরি ও যাত্রীবাহী জাহাজের সার্ভিস স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নৌযানগুলোর সার্বক্ষণিক প্রস্তুতি, সময়ানুবর্তিতা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নাবিক ও সংশ্লিষ্ট মেরিন কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (অর্থ) শেখ মু. নাসিম, জিএম (এডমিন) জেসমিন আরা বেগম, জিএম (কমার্স) মো. আজমল হোসেন, জিএম (হিসাব) ফজলুল হক, চিফ ইঞ্জিনিয়ার জিয়াউল ইসলাম, চিফ নেভাল আর্কিটেক্ট শরিফুল ইসলাম, জিএম (মেরিন) বাপ্পী কুমার অধিকারী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ত) সোয়াত হোসেন, ডিজিএম (বাণিজ্য) মো. সফিকুল ইসলাম এবং যাত্রীবাহী ইউনিটের প্রধান খন্দকার তানভির হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিআইডব্লিউটিসির বাণিজ্য, মেরিন, হিসাব, প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন। পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট ও স্টেশনের কর্মকর্তারাও জুম অ্যাপের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভায় দুর্গাপূজার ছুটিতে সম্ভাব্য যাত্রীচাপ বিবেচনায় নিয়ে নৌযানের পর্যাপ্ততা, ঘাট ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।