মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকায় অধিকাংশ বাড়ি নির্মাণের ক্ষেত্রেই রাজউকের বিধিমালা মানা হচ্ছে না। বিশেষ করে বাড়ি নির্মাণের সময় আবশ্যিক উন্মুক্ত স্থান ছাড়ছেন না শতকরা ৮০ ভাগ বাড়ির মালিক। ক্ষতিগ্রস্তরা প্রতিকার চেয়ে এ পর্যন্ত সহস্রাধিক অভিযোগ দায়ের করেছে রাজউকে। কিন্তু এ পর্যন্ত কোনো অভিযোগেরই সুরাহা হয়নি। অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা উল্টো হয়রানির শিকার হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, রাজউক সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগ নিয়েই ক্ষান্ত থাকে। কিছু কিছু ক্ষেত্রে নোটিশ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে রাজউকের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী নোটিসের ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের উৎকাচ নিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়। এমনি এক অভিযোগ উঠেছে রাজধানীর দক্ষিণখানের আমতলা চাঁদের হাসি এলাকায় রাজউকের নিয়মনীতি ও অনুমোদিত নকশা উপেক্ষা করে একটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটির মালিক হিসেবে স্থানীয়ভাবে জাকির হোসেন গং-এর নাম জানা গেছে।
অভিযোগ রয়েছে, রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করেই ভবনটির নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। নির্মাণস্থলে সেফটি নেট না থাকার পাশাপাশি তথ্যসম্বলিত সাইনবোর্ডও দেখা যায়নি। এতে নির্মাণকাজের নিরাপত্তা ও অনুমোদিত নকশা অনুসরণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে নির্মাণকাজ অব্যাহত রয়েছে। ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কিনা, তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভবনের মালিক জাকির হোসেন গং-এর বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউকের বিধিমালা মেনে ভবনটি নির্মাণ করা হচ্ছে। তবে ভবন নির্মাণে রাজউকের অনুমোদিত নকশা ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং নির্মাণস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রয়েছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও পরিদর্শনের দাবি তুলেছেন দক্ষিণখানের সচতন মহল।
দক্ষিণখানে রাজউকের বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগ