এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা

এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা

বিশেষ প্রতিনিধি:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে বলে এনবিআরের আদেশ সূত্রে জানা গেছে।

রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় হলো, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসির প্রধানের দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে সৈয়দ মহিদুল ইসলামকে। কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক পদ থেকে তাকে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পৃথক আদেশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। পরে তাদেরসহ মোট ২২ কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আগের রদবদলের কর্মকর্তারাও নতুন দায়িত্বে

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ধারাবাহিক রদবদলের অংশ হিসেবে এনবিআরের কর গোয়েন্দা ইউনিটেও পরিবর্তন আনা হয়। সে সময় সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আবদুর রকিব। এর আগে তিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ছিলেন।

তখন তার স্থলাভিষিক্ত করা হয় ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে। নতুন প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে আবারও ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসিসহ দেশের ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়।

সেই রদবদলের সময় সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বদলি করে তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫-এর কমিশনার আহসান হাবিবকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।