হরমুজসহ গুরুত্বপূর্ণ জলসীমার নিরাপত্তায় ইরান

হরমুজসহ গুরুত্বপূর্ণ জলসীমার নিরাপত্তায় ইরান


টাইমস ২৪ ডটনেট: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, দেশের জাতীয় নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্বার্থ ও সামুদ্রিক সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো হুমকি ও অপতৎপরতা মোকাবিলায় ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির নৌবাহিনী দৃঢ়ভাবে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। ২৮ নভেম্বর ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী দিবস হিসেবে পালিত হয়।

বার্তায় আহমদ ওয়াহিদি বলেন, পারস্য উপসাগর, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও ওমান সাগর বিশ্ব নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ইরানের সামুদ্রিক সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী এবং আইআরজিসির নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও কৌশলগত সহযোগিতা দেশটির সশস্ত্র বাহিনীর ঐক্য ও সংহতির প্রতিফলন। এই সহযোগিতা ইরানের প্রতিরোধক্ষমতা ও সামুদ্রিক শক্তি আরও জোরদার করছে।

ওয়াহিদি আরও বলেন, অভিজ্ঞ জনবল, দেশীয় প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও সর্বাত্মক প্রস্তুতির ভিত্তিতে ইরানের দুই নৌবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে সংঘাতসহ বিভিন্ন ঘটনায় ইরানের নৌবাহিনী মার্কিন-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। তাঁর ভাষায়, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইরানের নৌবাহিনী প্রয়োজন অনুযায়ী দৃঢ় ভূমিকা পালন করতে প্রস্তুত।

সূত্র: পার্সটুডে।