ইরানের সামরিক প্রস্তুতি শুধু নৌ-অভিযানেই সীমাবদ্ধ নয়

ইরানের সামরিক প্রস্তুতি শুধু নৌ-অভিযানেই সীমাবদ্ধ নয়


টাইমস ২৪ ডটনেট: ইরানের নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের প্রথম দিনেই ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত হেনেছিল। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ব্যবহার করা হলেও নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রটি ‘শত্রুর হৃৎপিণ্ডে’ আঘাত হানে বলে তিনি জানান। ফলে এই হামলা ইরানের নৌ-সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে পরিণত হয়। তেহরানে জুমার নামাজের খুতবায় বক্তব্য দিতে গিয়ে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের শুরুতেই তাঁর সহকর্মীরা শত্রুপক্ষের কেন্দ্রীয় কমান্ড কাঠামো এবং বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনকে নিখুঁতভাবে শনাক্ত করেছিলেন।
রিয়ার অ্যাডমিরাল ইরানি উল্লেখ করেন, শত্রুপক্ষের হাতে সব ধরনের সক্ষমতা থাকা সত্ত্বেও আহত ও নিহত সেনাদের উপকূলে নিয়ে আসা, চিকিৎসা দেয়া এবং মেরামত কার্যক্রম পরিচালনার জন্য তারা প্রতিবেশী দেশগুলোর বন্দরগুলোর কাছে সহায়তা চেয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল ইরানের অভ্যন্তরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পুনরায় বিমান হামলা চালানোর সক্ষমতা অর্জন করা। নৌবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গে কমান্ডার বলেন, সেই সময়ের পর থেকে ইরানের নৌবাহিনী বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবস্থাপনা ও সরঞ্জামের আধুনিকায়ন করেছে এবং একই সঙ্গে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, নৌবাহিনী শত্রুপক্ষের সব ধরনের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং প্রতিপক্ষের যেকোনো পদক্ষেপ বা লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টার ব্যাপারে যথাসময়ে জবাব দেবে। অঞ্চলে শত্রুপক্ষের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, সব সম্পদ ও সক্ষমতা মোতায়েন করেও তারা সমুদ্রগুলো ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং হরমুজ প্রণালিতে আটকা পড়েছে।
তিনি বলেন, “তারা সমুদ্রে কিংবা আকাশে চালক বা চালকবিহীন-যে ধরনের সরঞ্জামই মোতায়েন করুক না কেন, হরমুজ প্রণালি দিয়ে একটি জাহাজও পার করতে পারেনি।” মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার পূর্ণ সামরিক সক্ষমতা মোতায়েন করেও হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ ভাঙতে ব্যর্থ হয়েছে বলে তিনি জানান। কমান্ডার বলেন, শত্রুপক্ষের পাইলট ও সেনাসদস্য থেকে শুরু করে কমান্ডাররাও বর্তমানে হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা বুঝতে পারছে না, কোথায়, কীভাবে কিংবা কোন উপায়ে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তিনি বক্তব্যের শেষাংশে বলেন, ইরানের জনগণ ও ইসলামি প্রজাতন্ত্র ইরান শুধু পারস্য উপসাগর থেকেই নয়, বরং পশ্চিম এশিয়া থেকেও শত্রুপক্ষকে ‘চিরতরে’ বহিষ্কার করতে গর্ববোধ করবে। ইরানি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের নৌবাহিনী তাদের অভিযান পরিচালনার ব্যবস্থাগুলো আধুনিকায়ন করেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে এবং পুরো অঞ্চলজুড়ে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের সামরিক জাহাজগুলোকে শুধু ইরানের আঞ্চলিক জলসীমার কাছেই নয়, এমনকি ওমান সাগরের জলসীমার কাছেও আসতে বাধা দিয়েছে। কমান্ডার ঘোষণা করেন, “আজ শত্রুপক্ষ তার সব সক্ষমতা মোতায়েন করেছে। তা সত্ত্বেও চালকযুক্ত বা চালকবিহীন, সমুদ্রপথে কিংবা আকাশপথে—কোনোভাবেই একটি জাহাজও হরমুজ প্রণালি দিয়ে পার করতে পারেনি। কী নিরর্থক কল্পনা! নির্দেশ হলো, হরমুজ প্রণালি বন্ধই থাকবে।” এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আইআরজিসি নৌবাহিনী ইরানের সামুদ্রিক চলাচলসংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে নতুন ঘটনার কথা জানিয়েছে।
আইআরজিসি নৌবাহিনী পৃথকভাবে ঘোষণা করেছে, হরমুজ প্রণালির একটি অননুমোদিত পথ দিয়ে গোপনে পার হওয়ার চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাত হানার পর বিস্ফোরিত হয়েছে। অন্য একটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, দুটি ট্যাংকার গান্নাম দ্বীপের উত্তরে একটি অননুমোদিত পথ ব্যবহার করে ইরানের সামুদ্রিক চলাচলসংক্রান্ত বিধিবিধান এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
এর মধ্যে একটি জাহাজ নৌ-মাইনে আঘাত হেনে বিস্ফোরিত হয়। দ্বিতীয় জাহাজটি ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা পরিত্যাগ করে পিছু হটে। আইআরজিসি জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সামুদ্রিক চলাচলসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের চেষ্টা করা ট্যাংকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তাদের মতে, এই অগ্রগতি কৌশলগত জলপথটির পূর্ব ও পশ্চিম প্রবেশপথের ওপর ইরানের নিয়ন্ত্রণের প্রমাণ। এর আগে ঘটে যাওয়া পৃথক কয়েকটি ঘটনা সম্পর্কে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, খাসাব বন্দরের উত্তরে নৌ-মাইনে আঘাত হানার পর দুটি ট্যাংকার বিস্ফোরিত হয়েছিল। এর মধ্যে একটি জাহাজে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। বাহিনীটি জানায়, জাহাজ দুটি তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে এবং ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি নৌবাহিনীর সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, “তারা গোপনে পার হওয়ার চেষ্টা করছিল এবং আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলোর ওপর ভরসা করেছিল।”
আইআরজিসি জাহাজ চলাচলকারী কোম্পানি ও জাহাজ পরিচালনাকারীদের এই জলপথ দিয়ে গোপনে পার হওয়ার চেষ্টা না করার বিষয়ে সতর্ক করেছে। বাহিনীটি জোর দিয়ে বলেছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান কোনো অননুমোদিত সামুদ্রিক চলাচলের অনুমতি দেবে না। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই তেহরান হরমুজ প্রণালিতে বিধিনিষেধ বজায় রেখেছে। ইরানের বক্তব্য, দেশটির ভূখণ্ডের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তার জন্য এই কৌশলগত জলপথ ব্যবহার করা যাবে না।
ইরান আরও জানিয়েছে, স্বাভাবিক সামুদ্রিক চলাচল পুনরুদ্ধারের শর্ত হলো সামরিক আগ্রাসনের অবসান, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের সার্বভৌম অধিকার ও নিরাপত্তার প্রয়োজনীয়তার স্বীকৃতি। নৌ-সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রসঙ্গে ইরানি অঙ্গীকার করেছেন, ৪ মার্চ শ্রীলঙ্কার কাছে ডেনা ডেস্ট্রয়ারে হামলায় ইরানি নৌসদস্যদের শাহাদাতের প্রতিশোধ নেয়া হবে। ইরানি বলেন, ডেস্ট্রয়ারটির নাবিকেরা আগের একটি হামলায় ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জাহাজটি রক্ষা ও নৌসদস্যদের সরিয়ে নেওয়ার উপায় বিবেচনা করার সময় সেটিতে আবারও আঘাত হানা হয়েছিল। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে শত্রুপক্ষ ইরানি জাহাজটির অন্য নৌসদস্যরা যেখানে অবস্থান করছিলেন, সেই স্থানেও হামলা চালায়। তিনি এই অভিযানকে সমুদ্রে আচরণবিধি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘন বলে নিন্দা জানান। কমান্ডার জোর দিয়ে বলেন, অচল হয়ে পড়া শত্রুপক্ষের জাহাজ ও সেগুলোর নাবিকদেরও আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী আচরণ করতে হবে। তিনি অঙ্গীকার করেন, ইরান এই ক্ষয়ক্ষতির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। প্রতিশোধের বিষয়টি বিবৃতি ও ঘোষণার মাধ্যমে নয়, বরং যুদ্ধক্ষেত্রেই কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন। ইরানি আরও প্রকাশ করেন, ইরানের নৌ-কমান্ডোরা শত্রুপক্ষের হাতে আগে আটক হওয়া দুটি তেলবাহী ট্যাংকার পুনরুদ্ধার করেছে এবং সেগুলো পাহারার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের আটক করেছে।
তিনি বলেন, “আমাদের বাহিনী যখন জাহাজ দুটিতে ওঠে, তখন নিরাপত্তা দলটি ঘুমিয়ে ছিল। ফলে আমাদের কমান্ডোরা তাদেরও আটক করতে সক্ষম হয়।” ইরানের সেনাবাহিনীর স্থল-বিভাগ জানিয়েছে, সম্ভাব্য যেকোনো স্থল আক্রমণ মোকাবিলায় দেশের সীমান্তজুড়ে তাদের পূর্ণ সক্ষমতা মোতায়েন করা হয়েছে এবং অভিযান পরিচালনার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। ইরানের স্থলবাহিনীর উপ-অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সিরুস আমানোল্লাহি শুক্রবার বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের সীমান্তসংযোগস্থল পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় সামরিক ইউনিট মোতায়েন রয়েছে। ইরনার সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এসব মোতায়েন ও অভিযান সংক্রান্ত প্রস্তুতি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সমন্বয় করে নেয়া হয়েছে এবং ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। তিনি বলেন, “দাম্ভিক বৈশ্বিক শক্তিগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়ে আমরা বিদ্যমান পরিস্থিতির উপযোগী পরিকল্পনা তৈরি করেছি। এসব পরিকল্পনা জেনারেল স্টাফের অনুমোদন পেয়েছে। দেশের সীমান্তের পুরো দৈর্ঘ্য ও গভীরতা জুড়ে আমরা আমাদের সব সক্ষমতা মোতায়েন করেছি।” আমানোল্লাহি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী, আইআরজিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাসিজ বা স্বেচ্ছাসেবী গণবাহিনী এবং জনগণের বিভিন্ন বাহিনী ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। তাঁর ভাষায়, সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ-প্রস্তুতিতে রয়েছে। তিনি আরও জানান, সামরিক পরিদর্শনে স্থলবাহিনীর ইউনিটগুলোর প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, সামরিক মহড়া পরিচালনাকারী ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। স্থল আক্রমণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে এই কমান্ডার বলেন, কয়েক দশকের সামরিক আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার মধ্য দিয়েও ইরানের শত্রুরা বারবার তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ এবং পরবর্তী সামরিক সংঘাতের অভিজ্ঞতার ভিত্তিতে যেকোনো স্থল অভিযান মোকাবিলায় ইরান পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেছে।
তিনি ঘোষণা করেন, “আমাদের শিরায় যতক্ষণ রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ শত্রুর সক্ষমতা যা-ই হোক না কেন, আমরা প্রতিটি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমাদের শত্রুরা জানে, তাদের লক্ষ্য অর্জন করতে হলে তাদের আমাদের প্রত্যেকের মৃতদেহের ওপর দিয়ে এগিয়ে যেতে হবে।” ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি বিদেশি শক্তি এবং ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে কৌশলগত সংঘাতের অন্যতম প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি জাতীয় নিরাপত্তা রক্ষা, আঞ্চলিক জলসীমার সুরক্ষা এবং ওমান সাগরে ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে ইরানের কেন্দ্রীয় নৌবাহিনীর সমন্বয়ের প্রশংসা করেন। আবদুল্লাহি বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির নির্দেশনা অনুযায়ী যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও কার্যকর জবাব দিতে নৌবাহিনী প্রস্তুত রয়েছে।