স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আরচারী ফেডারেশনের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মেয়েদের স্বল্প ও দীর্ঘমেয়াদে আর্চারী প্রশিক্ষণ প্রদানের উপরে সোমবার বিকেলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা ও বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতি
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এসময় উভয় ফেডারেশনের অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতার স্মারকের স্থায়িত্বকাল হবে তিন বছর। এই মেয়াদকালে ঢাকা ও তৃণমূল থেকে আগ্রহী মেয়েদের আর্চারী ফেডারেশন এর মাধ্যমে স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। আর্চারী ফেডারেশন প্রশিক্ষক ও খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে।
অংশগ্রহণকারী আর্চারদের মধ্য থেকে ফেডারেশন জাতীয় পর্যায়ে অথবা ফেডারেশনের পক্ষে খেলার জন্য অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নিতে পারবেন।