আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টাইমস ২৪ ডটনেট : পাক-আফগান সীমান্ত এলাকায় আফগান সেনাবাহিনীর ড্রোন হামলার জবাব দিতে আফগানিস্তানের ১০ এলাকায় অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

২৩ সেপ্টেম্বর পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পাক-আফগান সীমান্তবর্তী এলাকা তোরখাম এবং কোহাট জেলার সেনা ও নিরাপত্তা চৌকিগুলো লক্ষ্য করে ৮টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে আফগান সেনাবাহিনী; তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলো আটকে দিয়ে ধ্বংস করে দেয় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

ড্রোন হামলার পাল্টা জবাব দিতেই এ বিমান অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আতাউল্লাহ তারার বলেন, “আত্মরক্ষার সার্বভৌম অধিকারচর্চার অংশ হিসেবে আফগানিস্তানের ১০টি এলাকায় বিমান অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের বিমান বাহিনী।”

এক্সপোস্টে তারার আরও বলেন, “এই হামলাগুলো ছিল পরিকল্পিত, সুনির্দিষ্ট, সুপরিমিত ও আনুপাতিক এবং তা কঠোরভাবে কেবল সেইসব চিহ্নিত সামরিক লক্ষ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেগুলো পাকিস্তানের বিরুদ্ধে হামলার প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”