মোঃমনজুর মোল্লা , ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— পারভেছ মিয়া (৩৮) এবং মো. জলিল (৪৪)।
ডিএমপি সূত্রে জানা যায়, গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেফতার ২