ফ্লাইদুবাইয়ের সেই ফ্লাইটের যাত্রীরা তেল আবিবে পৌঁছেছেন

ফ্লাইদুবাইয়ের সেই ফ্লাইটের যাত্রীরা তেল আবিবে পৌঁছেছেন

টাইমস ২৪ ডটনেট: সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইদুবাইয়ের ফ্লাইটটির যাত্রীরা তেল আবিবে পৌঁছেছেন। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর তারা তেল আবিবে পৌঁছান। যাত্রীদের নিয়ে উদ্ধারকারী ফ্লাইটটি সৌদি আরবের তাবুক থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ছেড়ে আসে। ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটের যাত্রীরা ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সেখানে জড়ো হওয়া মানুষ যাত্রীদের অভ্যর্থনা জানান।বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।পরে ফ্লাইটটিকে সৌদি আরবের তাবুক শহরে নিয়ে অবতরণ করানো হয়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন।
এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা ফ্লাইটে হামলার শিকার হওয়া পাইলটের নাম প্রকাশ করেছেন। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, তিনি ভারতীয় নাগরিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে ‘অসাধারণ সাহসিকতা’ দেখানোর জন্য ‘হিরো’ বলে অভিহিত করেছেন।নেতানিয়াহু এক্স-এ লিখেছেন, ছুরিকাহত ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে গেছেন, বাধা দিয়েছেন, ককপিটের দরজা খুলে দিয়েছেন এবং যাত্রী ও ক্রুদের আক্রমণকারীকে কাবু করার সুযোগ করে দিয়েছেন– যার ফলে আকাশে একটি ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
অন্যদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ফ্লাইট চলাকালীন হামলার শিকার হওয়া ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছেন। মাচ্ছারকে তাবুক শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, তিনি বর্তমানে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। দূতাবাসের তথ্য অনুযায়ী, মাচ্ছারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

সূত্র: বিবিসি।