পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন অভিনেত্রী মেঘলার

পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন অভিনেত্রী মেঘলার

স্টাফ রিপোর্টার : বিনোদন জগতের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ পুলিশি তৎপরতা ও তড়িঘড়ি করে গাড়ি আদালতে চালান দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা। বনানী থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি অভিনেত্রীর পরিবারকে নিশ্চিত করা হলেও পুরো প্রক্রিয়া এবং তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মেঘলা মুক্তা। 

দুর্ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ উঠলে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বাদী হয়ে বনানী থানায় পুনরায় মামলা করেন। এরপর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ গাড়ি ও চালককে আটকের কথা পরিবারকে জানায়। তবে আটকের পর দিনই শুক্রবার সকালে গাড়িটি দ্রুত আদালতে চালান করে দেওয়া হয়।

পুলিশের এ ভূমিকা রহস্যজনক উল্লেখ করে শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন মেঘলা মুক্তা। নিজের অসন্তোষ প্রকাশ করে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন— আমার কিছু ‘ভেরি সিরিয়াস’ প্রশ্ন আছে। এক মাস ধরে গাড়িটির নম্বর জানা থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হলো না। অথচ ১ সেপ্টেম্বর নতুন করে অভিযোগ এবং ওপরমহলে চাপ দেওয়ার পর মাত্র একদিনের মধ্যে, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় গাড়ি ও চালককে আটক করা হলো।