মাখদুম সামি কল্লোল: ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার ৭ অক্টোবর রাজধানীর সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত চলতি ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম এবং বর্তমান সরকারের দশম একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে।
অনুমোদিত প্রধান প্রকল্পসমূহ:
নগর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন।
গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ।
সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
যোগাযোগ ও পরিবহন খাত:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি স্লিপওয়ে নির্মাণ।
বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ।
পঞ্চগড়ের ভজনপুর-পঞ্চগড় সড়কে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ।
বান্দরবানের দুর্গম অঞ্চলে থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ।
বিদ্যুৎ, নারী উন্নয়ন ও অন্যান্য:
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ।
সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প।
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন।
১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন