টাইমস ২৪ ডটনেট: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই) বলেছে, আগুনে আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার তথ্য জানিয়েছে এফডিএনওয়াই বলেছে, পরে দুই শতাধিক ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা কর্মী দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ ও আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কাজ করেন
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দোতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখেন। আগুনে ভবনের ভেতরের সিঁড়ি ভেঙে পড়েছিল। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এফডিএনওয়াই বলেছে, অগ্নিকাণ্ডের শিকার ওই ভবন থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় এক পুরুষ ও একজন নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম কিংবা বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত পেয়েছেন।
ভবনে অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস বিভাগ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে এই ব্যাটারির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।
সূত্র: বিবিসি।