প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করার পরিকল্পনা জাপানের

প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করার পরিকল্পনা জাপানের

টাইমস ২৪ ডটনেট: আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় প্রায় দ্বিগুণ করে ৭০ থেকে ৮০ ট্রিলিয়ন ইয়েন (৪৫৭ থেকে ৫০৮ বিলিয়ন ডলার) বরাদ্দের পরিকল্পনা করছে জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উদ্যোগে এ সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য জাপান টাইমস। পরিকল্পনাটি চূড়ান্ত হলে ২০২৭ সালের এপ্রিল থেকে পরবর্তী পাঁচ বছরে এই অর্থ ব্যয় করা হবে। বর্তমানে চলমান পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ রয়েছে প্রায় ৪৩ ট্রিলিয়ন ইয়েন। নতুন পরিকল্পনায় সম্ভাব্য ব্যয় হবে বর্তমান বরাদ্দের প্রায় ১ দশমিক ৮ গুণ। একটি সূত্র জানিয়েছে, নতুন বরাদ্দের অর্থ দিয়ে বিপুলসংখ্যক ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনা হতে পারে। ইয়েনের দরপতনের কারণে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যয়ও বেড়েছে বলে জানিয়েছে সূত্রটি। অন্য একটি সূত্রের ধারণা, চূড়ান্ত বরাদ্দের পরিমাণ ৭০ ট্রিলিয়ন ইয়েনের মাঝামাঝি থেকে শেষভাগে থাকতে পারে। তবে পূর্ব এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই অর্থ যথেষ্ট হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বরাদ্দের চূড়ান্ত পরিমাণ নির্ধারণে সরকার ও ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে আলোচনা চলছে। এর আগে ২০২২ সালের শেষদিকে পাঁচ বছর মেয়াদি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করে জাপান। ওই পরিকল্পনায় প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে প্রায় ৪৩ ট্রিলিয়ন ইয়েন নির্ধারণ করা হয়। এর আগে এ খাতে বরাদ্দের প্রাথমিক পরিকল্পনা ছিল ২৭ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন।
বর্তমান পরিকল্পনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলার সক্ষমতা অর্জন করতে চায় জাপান। পাশাপাশি সামরিক সরঞ্জামের জন্য গোলাবারুদ ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।