বাংলাদেশ

বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশন

টাইমস ২৪ ডটনেট : আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশন। ১৭ থেকে ২২ মে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘ মানব বসতি কর্মসূচির নির্বাহী পরিচালক অ্যানাক্লাউডিয়া রসবাচ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নতুন নগর এজেন্ডা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসাঃ ফেরদৌসী বেগমের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ অধিবেশনে অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে আরও ছিলেন উপসচিব মোঃ আব্দুল আউয়াল, প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া।
মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৫৫টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ টেকসই, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও মানবকেন্দ্রিক নগর গড়ে তোলার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল টেকসই উন্নয়ন অভীষ্ট এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন এবং জলবায়ু-সহনশীল উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ তুলে ধরে।
প্রতিনিধিদল জানায়, নতুন প্রণীত স্পেশাল প্ল্যানিং অ্যাক্ট এর মাধ্যমে সারাদেশে পরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা ও সম্পদের সুষম বণ্টনে গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্বাচল নতুন শহর, ঝিলমিল আবাসিক প্রকল্প ও উত্তরা ৩য় পর্বের মতো উদ্যোগ ঢাকার ওপর চাপ কমানোর পাশাপাশি আধুনিক নগর গড়ে তুলতে ভূমিকা রাখছে।
এছাড়া সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার টঙ্গী দত্তপাড়া ও কড়াইল প্রকল্পসহ বিভিন্ন বস্তি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করা হয়। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ফ্লোর এরিয়া রেশিও প্রণোদনার বিষয়টিও তুলে ধরা হয়।
জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনা, স্থিতিস্থাপক অবকাঠামো এবং টেকসই নির্মাণব্যবস্থার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিনিধিদল। একই সঙ্গে ‘পুরান ঢাকা পুনরুজ্জীবন প্রকল্প’কে বাসযোগ্যতা, নিরাপত্তা বৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়।
সম্মেলনে কক্সবাজারে ভূমির অবক্ষয় (ল্যান্ড সাবসিডেন্স) রোধসহ টেকসই নগর উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘের মানব বসতি কর্মসূচি, বিশ্ব ব্যাংক, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, জাতিসংঘের মানব বসতি কর্মসূচি প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এছাড়া বিশ্ব নাগরিক ফোরাম-১৩ এ বাংলাদেশ প্রতিনিধিদলকে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস সহায়তা প্রদান করছে।

Related Articles

Back to top button