জাতীয়

অসহায়দের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার : রাস্তার ধারে চা বিক্রেতা ছোট্ট শিশু-বৃদ্ধ থেকে শুরু করে দেশ-বিদেশে কর্মরত চিকিৎমক, শ্রমিক-শিল্পী কিংবা সাংবাদিক-দলীয় নেতাকর্মীদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নগদ অর্থ ছাড়াও বাড়িতে বাড়িতে ঈদ উপহার পাঠিয়ে রাজনীতিতে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সর্বশেষ রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক। উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়ি ও বিবিধ ঈদ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন। কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে নানিকে সহায়তা করার সময় রাস্তা পার হতে গিয়ে আহত হয় ফাতেমা। তখন সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
গত ৮ মার্চ সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দু’জন বাংলাদেশী নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়। তাদেরও দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। ১৭ মার্চ মাগরিবের পর জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা আপাতত তাদের পরিবার ও তিন ছেলেমেয়ের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করেছি। এগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই লাশ দেশে পৌঁছাবে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত তাদের পরিবার ও তিন ছেলেমেয়ের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করেছি। এগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই লাশ দেশে পৌঁছাবে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা দেবে সরকার। এছাড়াও পরিবারটি সরকারি ভাতার আওতায় আসবে। তাদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।
গত ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমদ আলীর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে নিহতের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ উদ্দিনের মরদেহ পৌঁছালে মন্ত্রী নিজে তা গ্রহণ করেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি মরদেহ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহতের স্বজনদের গগনবিদারী আর্তনাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ হস্তান্তরকালে দাফন-কাফন ও তাৎক্ষণিক সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকা, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা এবং বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী। গত ১৭ মার্চ পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে মানবিক অর্থ বিতরণ করা হয়। একইদিন বগুড়ার কাহালু উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ লক্ষ্যে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার জন্য ছয় লাখ ও গজারিয়া উপজেলার জন্য চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল সদর উপজেলায় অসহায়, গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়। নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী: এরআগে ২৮ ফেব্রুয়ারী রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়া নুসরাত জাহান নিশার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের নির্দেশে নুসরাতের বাসায় সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমসহ একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এরআগে চিকিৎসা সহায়তা চেয়ে কিছু দিন আগে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় ওই ভিডিও। এর পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’ চিকিৎসা সহায়তা নিয়ে নুসরাতের কাছে যায়।
ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ভিক্ষুকদের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বিকেলে দিনাজপুর সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় ভিক্ষুকদের মধ্যে ২০টি ছাগল বিতরণ করেন। এ সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক রউফ জালালের পরিবারের পাশে প্রধানমন্ত্রী: গত ১৩ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চ্যানেল আই এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় আতিকুর রহমান রুমন মরহুম রউফ জালালের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিন বাদ জুমা মরহুমের রউফ জালালের বাড়িতে গিয়ে মরহুমের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন আতিকুর রহমান রুমন। গত বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক রউফ জালাল মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একইদিন এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরআগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এতিম ও অসুস্থ কিশোরী জান্নাতীর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেউ নেই’— এমন শিরোনামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ভিডিওটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Related Articles

Back to top button