জাতীয়

প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করছে সরকার: টুকু

টাইমস ২৪ ডটনেট: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। দেশের অর্থনীতির চাকা আরও বেগবান করতে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করা হচ্ছে।শনিবার (৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধন এবং প্রান্তিক খামারিদের মধ্যে ছাগল ও মহিষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশের পোলট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি সংসদেও আলোচনা হচ্ছে।তিনি আরও বলেন, এ কর্মসূচির আওতায় ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি খাদ্য, ভিটামিন ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।
এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামছুন্নাহার আহম্মদ এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

Related Articles

Back to top button