এমবাপে-ভিনিসিয়ুসকে ফলগাছের সঙ্গে তুলনা করলেন মরিনিও

এমবাপে-ভিনিসিয়ুসকে ফলগাছের সঙ্গে তুলনা করলেন মরিনিও


টাইমস ২৪ ডটনেট: এই সপ্তাহে নিজ দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রকে। এমন পরিস্থিতিতে তারা পাশে পেলেন হোসে মরিনিওকে। দুয়োর ঘটনার পর এই দুই তারকাকে ফলগাছের সঙ্গে তুলনা করলেন পর্তুগিজ কোচ। ইন্টার মিলানের বিপক্ষে গত মঙ্গলবার ২-১ ব্যবধানে জয়ে প্রথম গোলটি করেছিলেন এমবাপে। তাতে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে ওঠেন তিনি। কিন্তু বার্নাব্যুতে ঘরের দর্শকদের কাছে বিদ্বেষপূর্ণ আচরণের শিকার হয়েছেন তিনি ও ভিনিসিয়ুস।
দুই খেলোয়াড় তাদের রক্ষণাত্মক কাজের ঘাটতির কারণে সমালোচিত হয়েছেন। মরিনিও বললেন, এই জুটির ভাগ পেতে চায় বলেই তাদের সমালোচনা করা হয়। ভিনিসিয়ুসকে নিয়ে জানতে চাইলে তিনি প্রবাদ উল্লেখ করলেন, ‘পর্তুগিজ একটি প্রবাদ আছে। সেখানে বলা হয়, যে গাছে ফল ধরে আমরা তার দিকেই শুধু পাথর ছুড়ি।’ তিনি বলে গেলেন, ‘সুতরাং, ভিনি সাম্প্রতিক বছরগুলোতে এখানে যা করেছে, সে কয়টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে, কয়টি গোল করেছে, কয়টি বল জিতেছে? তার অর্জনই তার পরিচয় বহন করে, তাই সে এমন এক গাছ যাতে প্রচুর ফল ধরে এবং মানুষ সেই ফলের অংশীদার হতে চায়।’
ভিনিসিয়ুসের সেরা সংস্করণ দেখার অপেক্ষায় রিয়াল কোচ, ‘এই ডিজিটাল যুগে অনেক পরিসংখ্যানে আমাদের প্রবেশের অধিকার আছে, আমরা বলতে পারি যে সে তার সেরা সংস্করণের খুব কাছে। ইতোমধ্যে সে কিছু রেকর্ডও গড়েছে। পরিসংখ্যান ও সংখ্যাগুলো দেখলে বোঝা যায়, আমরা অনেক তাড়াতাড়ি তার সেরা রূপ দেখতে পাব।’
একইভাবে ফরাসি তারকা এমবাপের পাশেও দাঁড়ালেন মরিনিও। তিনি বলেন, ‘আগে যে প্রবাদটা বললাম, আমি আবার সেটা আপনাদের মনে করিয়ে দিতে চাই। সেও অনেক ফল ধারণ করা একটি গাছ। অবশ্যই একজন খেলোয়াড় যখন ৪০টির বেশি গোল করে, সে কখনও দলের জন্য সমস্যা হতে পারে না। আমি দেখতে পাই কিলিয়ান তার সবটা দিচ্ছে। সে পশুর মতো ডিফেন্ড করছিল। তার মানসিকতা অসাধারণ। ওর মতো একজন খেলোয়াড়কে দেখতে পাওয়াটা আমার জন্য আনন্দের।’