শ্রাবণের দুর্দান্ত সেভ, তবু সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

শ্রাবণের দুর্দান্ত সেভ, তবু সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ


টাইমস ২৪ ডটনেট: ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। তবে আজও আসিয়ান কাপের ম্যাচে শুরুটা ভালো হয়নি হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।জাকার্তায় শুরু থেকেই বল পজিশন ধরে রেখে খেলার চেষ্টা করে দুই দল।তবে প্রথম দিকে গোল পাওয়ার মতো উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি। ম্যাচের প্রথম ভালো সুযোগ আসে ১৬ মিনিটে।মেহেদী হাসান শ্রাবণের দারুণ দক্ষতায় সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
বাঁ দিক দিয়ে নেওয়া ইলহান ফান্দির শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আবারও দুর্দান্ত সেভ করেন শ্রাবণ। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেই ফ্রি কিক থেকে নেওয়া দারুণ শটে নিশ্চিত গোল বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের গোলরক্ষক।ফিরতি আক্রমণে অবশ্য সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।
তবে ৩৫ মিনিটে আর বাংলাদেশকে রক্ষা করতে পারেননি শ্রাবণ। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোল করেন হারহিস স্টুয়ার্ট। এবার দাঁড়িয়ে থেকে বলকে জালে জড়াতে দেখা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষকের।
দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হওয়ার সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। তবে এবার ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।
অন্যদিকে প্রথমার্ধে গোলমুখে উল্লেখযোগ্য কোনো শটই নিতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হামজারা।