বাংলাদেশ

কচ্ছপিয়ায় ইয়াবা উদ্ধারের মামলায় শফিকুল আকবর হেলালকে আসামি করায় মানববন্ধন

টাইমস২৪ ডটনেট : কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজি পরিবারের সদস্য ও রামু উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শফিকুল আকবর হেলালকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামি করায় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বিকালে গর্জনিয়া বাজার মসজিদ মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও বিশিষ্ট আলেমেদ্বীন জামায়াত নেতা মাওলানা আলী আকবর।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদ ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান সোহেল, কৃষক দলের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোঃ ফইজুল্লাহ,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদু ইসলাম প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, শফিকুল আকবর হেলাল একজন পরিচিত সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি। তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে তারা দাবি করেন। প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ ব্যক্তিদের হয়রানি করা হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচ্ছপিয়ার নতুন মিয়াজির পাড়ার একটি সবজি ক্ষেত থেকে সম্প্রতি ৪০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় শফিকুল আকবর হেলালের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Related Articles

Back to top button