বাবা হারানোর কষ্ট আর নতুন আশ্রয়ের গল্প বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: বাবা দিবস উপলক্ষে প্রয়াত বাবাকে স্মরণ করে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। জীবনের নানা উত্থান-পতন, না-পাওয়া আর প্রতারণার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেছেন বাবার সঙ্গে তার গভীর সম্পর্কের গল্প। তার আবেগঘন লেখাটি স্পর্শ করেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারিয়া লেখেন, জীবনে অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা ও প্রতারণার গল্প থাকলেও তার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি তার বাবাকে ঘিরেই।
বাবার ভালোবাসা, সমর্থন আর স্বপ্ন দেখার সাহস দেওয়ার স্মৃতিগুলো আজও তাকে শক্তি জোগায়। অভিনেত্রী লেখেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা হলো আমার বাবার গল্প, আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প। প্রয়াত বাবার কথা স্মরণ করতে গিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জানান, বাবার চলে যাওয়ার পর তার নিজের জীবনেও তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। ফারিয়া লেখেন, আমার দাদী সবসময় আমাকে ডাকেন আমার ছেলের কলিজা। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না। তবে জীবনের এই গভীর শোকের মধ্যেও নতুন করে একজন বাবার স্নেহ খুঁজে পাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আল্লাহ কোনো কিছু কেড়ে নিলে অন্য কোনোভাবে তা ফিরিয়েও দেন। ফারিয়ার ভাষ্য, গত বছর থেকে তার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ আট বছর পর তিনি আবার কাউকে ‘আব্বু’ বলে ডাকতে পারছেন- তার শ্বশুরকে। স্বামী তানজিমের মাধ্যমে পাওয়া এই নতুন সম্পর্কের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। পোস্টের শেষাংশে তিনি সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাবা দিবসের শুভেচ্ছা জানান।



