বাংলাদেশ

খিলক্ষেতে মসজিদের পাশেই ইয়াবার শক্ত ঘাটি, নেতৃত্বে ৩ নারী

এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেত থানার বরুয়া মোল্লাপাড়া এখন ভয়ংকর মাদক স্পট হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক যুগ ধরে মসজিদের পাশেই প্রকাশ্যে চলছে ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিলের বেচাকেনা। সন্ধ্যা নামলেই এলাকায় ভিড় জমায় মাদকসেবী ও কারবারিরা। প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এই সিন্ডিকেট।

এলাকাবাসীর ভাষ্য, এই চক্রের সবচেয়ে প্রভাবশালী সদস্য রাহেলা বেগম। তাঁর বিরুদ্ধে থানায় রয়েছে ডজনখানেকের বেশি মাদক মামলা। তবুও থেমে নেই তার দাপট। একইভাবে জাহাঙ্গীরের স্ত্রী সনজু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে এলাকায় পরিচিত। আর রাহেলার মেয়ে রহিমার বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, এই তিন নারীকে ঘিরেই গড়ে উঠেছে বরুয়ার শক্তিশালী মাদক নেটওয়ার্ক।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বরুয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পাশেই প্রকাশ্যে চলছে এই মাদকের সাম্রাজ্য। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হবার পাশাপাশি পুরো এলাকা এখন সামাজিক অবক্ষয় ও অপরাধের ঝুঁকিতে পড়েছে। দ্রুত অভিযান চালিয়ে মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Related Articles

Back to top button