ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভারতীয় হাই কমিশনের ১৫০০ বই উপহার

সুকুমার সরকার: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার ( ৬ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাবি ও ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহ এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে শিক্ষা-বিষয়ক সহযোগিতা ও একাডেমিক বিনিময়কে সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
এই সফর চলাকালীন সময়ে, হাই কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগ পরিদর্শন করেন, যেখানে তিনি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের কিছু পরিবেশনাও প্রত্যক্ষ করেন।
হাই কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল)-ও পরিদর্শন করেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার পাঠ্যক্রমের উন্নয়নে সহায়তার লক্ষ্যে আইএমএল-এর হিন্দি বিভাগকে সাহিত্য ও পেডাগজি বিষয়ক ১৫০০টিরও বেশি বই উপহার হিসেবে প্রদান করেন।



