মধ্যপ্রাচ্যে হামলা করবে ইরান

মধ্যপ্রাচ্যে হামলা করবে ইরান

টাইমস ২৪ ডটনেট: ইরান মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তাদের এই মারাত্মক প্রচেষ্টা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম আক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটনের একটি স্মারকের কথা উল্লেখ করা হয়েছে।
২৩ অক্টোবরের এই স্মারকটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্দেশে পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছে, এই স্পর্শকাতর তথ্যটি বর্তমানে যতসংখ্যক কর্মকর্তা দেখার অনুমতি পাচ্ছেন, বাস্তবে তার চেয়েও অনেক বেশি কর্মীর নিরাপত্তার সঙ্গে এটি সম্পর্কিত।
এক পৃষ্ঠার এই স্মারকে নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু, মধ্যপ্রাচ্যের বাইরের দেশ এমনকি ষড়যন্ত্রের ধরন বা কৌশলের নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, মূল গোয়েন্দা তথ্যটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে।
রুবিও যেন এটি আরও অনেকের কাছে পৌঁছাতে পারেন, সেজন্য ক্লেটন তথ্যটির গোপনীয়তার মাত্রা যথাসম্ভব কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী কমানো হচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও ধাহরানের কনস্যুলেটগুলো থেকে কর্মচারীদের পরিবারের সদস্য এবং অপ্রয়োজনীয় কর্মীদের স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।
এর মধ্যেই শুক্রবার দিনের শুরুতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের ওপর আবারও হামলা চালাতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি।