টাইমস ২৪ ডটনেট: আসন্ন এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারছেন না এই পেস বোলিং অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। এরপর এমআরআই করানোর পর গুরুতর চোট ধরা পড়ে তার।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, '১৯ সেপ্টেম্বর অনুশীলনে সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ প্রয়োজন হবে।' সাইফউদ্দিনের এশিয়ান গেমসে খেলতে না পারায় বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বিসিবি। তার পরিবর্তে বিকল্প একজন ক্রিকেটারকে দলে নেবে বাংলাদেশ। তবে সেই পরিবর্তনের জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।
শুরুর আগেই এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের