জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও সার্বভৌমত্বের পক্ষে জোরদার তাগিদ প্রধানমন্ত্রীর

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও সার্বভৌমত্বের পক্ষে জোরদার তাগিদ প্রধানমন্ত্রীর


নিউইর্য়ক থেকে সোহেল হোসাইনঃ ফিলিস্তিনের অবরুদ্ধ ও স্বাধীনতাকামী মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের আকুণ্ঠ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে পূর্ণাঙ্গ ভাষণদানকালে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক অবস্থান বিশ্বনেতাদের সামনে স্পষ্ট করেন তিনি।
ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ ও নিপীড়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার লাভ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির সাথে বাংলাদেশের জনগণ সর্বদা একাত্ম। এই দীর্ঘ সংকটের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও উত্তেজনার ফলে কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি, চরম খাদ্য ঘাটতি এবং মানবিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি স্মরণ করিয়ে দেন যে, যেকোনো সামরিক পদক্ষেপের খেসারত দিতে হয় নিরীহ বেসামরিক নাগরিকদের, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
যেকোনো ধরনের সংকট বা বৈরিতা নিরসনে শক্তিপ্রয়োগ কিংবা মারণাস্ত্রের পথ এড়িয়ে দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক কূটনীতি এবং সমতার ভিত্তিতে আলোচনার পথ বেছে নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।