বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস

বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস


টাইমস ২৪ ডটনেট: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ওপর দমননিপীড়েনের অভিযোগে ফ্রান্সে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এরমধ্যে দেশটির রাজধানী প্যারিসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অপরদিকে পুলিশকে লক্ষ্য করে তারা ফায়ার ওয়ার্কস এবং অন্যান্য বস্তু নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের অনেককে মাস্ক এবং হুডি পরে থাকতে দেখা গেছে। তাদের নিবৃত করতে প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে বিপুল দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, সামাজিকমাধ্যমে কয়েকদিন ধরে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনর্জাগরিত করার আহ্বান জানানো হচ্ছিল। এরপর আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ২০১৮ সালে ইয়েলো ভেস্ট আন্দোলন পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল। সমাজে থাকা বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন হয়।
অপরদিকে নতুন আন্দোলনের সূত্রপাত হয় চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। যা শুরু করেন দেশটির শিক্ষার্থীরা। তারা শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনার বিরুদ্ধে এবং স্কুলের পরিবেশ ঠিক করার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
আজকের বিক্ষোভে সমর্থন জানিয়েছে ফ্রান্সের অন্যতম বড় শ্রমিক ইউনিয়ন সিজিটি। তারা সাধারণ মানুষের জন্য বাড়তি বেতন ও পেনসন, মানুষের দাবি অনুযায়ী জিনিসপত্রের দাম কমানো এবং সরকারি সেবা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে প্যারিস থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে যে আন্দোলন শরু হয় তখন প্রায় দুই হাজার বিক্ষোভকারী আটক হয়েছিলেন।

সূত্র: এপি।