হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান

টাইমস ২৪ ডটনেট: হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আইআরআইবি-র বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ইরানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা একটি বড় ভুল এবং ইরানের এমন প্রতিরক্ষাকারীরা রয়েছে যারা যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে।
আমির হাতামি জানান, মার্কিন সামরিক বাহিনীকে অঞ্চলটি থেকে কার্যত বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে তাদের প্রবেশের আর কোনো সুযোগ বা অনুমতি নেই। ইরানের সেনাপ্রধান আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কোনোভাবেই তাদের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না এবং ইরান কখনই তা হতে দেবে না। মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া হুমকির পরই ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া জানানো হলো।
সূত্র: আল-জাজিরা।



