টাইমস ২৪ ডটনেট: ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিলে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলায় জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ‘সব বোমার মা’ নামে পরিচিত এই বোমাটি ব্যবহারের পরিকল্পনার কথা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এসব পরিকল্পনা কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমাটি ব্যবহারের সম্ভাবনা সংঘাতকে উল্লেখযোগ্যভাবে আরও তীব্র করে তুলতে পারে। তবে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।