স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। আমরা আসছি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর কসম, ছয় দফা ১১ দলের কোনো দলের ব্যক্তিগত দফা নয়। এগুলো দেশের জনগণের দফা।
তিনি বলেন, জনগণের দাবি বাস্তবায়নের জন্যই তাদের এই আন্দোলন। ঈদের পরের কোনো আন্দোলন নয় এটি। চট্টগ্রামকে আন্দোলনের ‘সূতিকাগার’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
বিএনপির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জামায়াত আমির বলেন, আগের সরকার যে রাস্তা দিয়ে হেঁটে বিদায় নিয়েছে, বিএনপিও সেই রাস্তায় হাঁটতে চায় কি না, তা দেখতে হবে।